নিজস্ব প্রতিবেদক :
চট্টগ্রামের বাঁশখালীতে বন্যহাতির আক্রমণে মো. সিবাগতুল্লাহ রিজভী (১৬) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৩০ এপ্রিল) রাত আড়াইটার দিকে উপজেলার বৈলছড়ি ইউনিয়নের পূর্ব বৈলছড়ি ৪নম্বর ওয়ার্ডের এক নম্বর গোদার পাড় সংলগ্ন লিচু বাগান থেকে হাতি তাড়াতে গেলে এ ঘটনা ঘটে। এ ঘটনায় নিহতের পরিবার আজ বুধবার (১ মে) হাতির বিরুদ্ধে বাঁশখালী থানায় মামলা দায়ের করেছে।
নিহত যুবক বৈলছড়ি ইউনিয়নের কুলীন পাড়া এলাকার মৃত তৈয়ব উল্লাহর ছেলে।
প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, রিজভী গত কয়েক মাস ধরে পূর্ব-বৈলছড়ির একটি মুদির দোকানে চাকরি করেন। ওইদিন রাত ২টার দিকে তার পারিবারিক লিচু বাগানে হাতি আসার খবর পেয়ে আরও লোকজনের সঙ্গে হাতি তাড়াতে লিচু বাগানে যান। এক পর্যায়ে বাগানে হাতির আক্রমণে গুরুতর আহত হয় রিজভী । পরে স্থানীয়রা তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে বাঁশখালী গুনাগরী মা-শিশু ও জেনারেল হাসপাতালে নিয়ে যায় । সেখানে অবস্থা অবনতি হলে তাকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে হস্তান্তর করা হলে সেখানে তার মৃতু হয়।
বৈলছড়ী ইউনিয়নের চেয়ারম্যান মো. কপিল উদ্দীন জানান, রাত দুইটার দিকে একটি হাতি লিচু বাগানে প্রবেশ করে। হাতি আসার খবর পেয়ে নিজের লিচু বাগানে হাতি তাড়াতে গেলে অন্ধকারে দেখতে না পেয়ে হাতির সামনে পড়ে যায়। এতে হাতির আক্রমণের শিকার হন।
বাঁশখালী থানার এস আই মং থোয়াই হ্লা চাকমা ঘটনার সত্যতা নিশ্চিৎ করে বলেন, বিনা ময়নাতদন্তে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় হাতির বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।


