বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬
Single Top Banner

চট্টগ্রামে টেম্পুর ধাক্কায় কলেজ ছাত্রী নিহতের ঘটনায় মামলা

নিজস্ব প্রতিবেদক :

চট্টগ্রামের কালুরঘাটে সিএনজি চালিত টেম্পুর ধাক্কায় ফাতেমা তুজ জোহরা (১৮) নামে কলেজ শিক্ষার্থী নিহতের ঘটনায় মামলা হয়েছে। ওই মামলায় আজ মঙ্গলবার (৩০ এপ্রিল) টেম্পু চালককে গ্রেফতার দেখিয়ে আদালতে সোপর্দ করে পুলিশ।

সোমবার (২৯ এপ্রিল) রাতে নিহত ওই শিক্ষার্থীর ভাই মো. রফিকুল ইসলাম বাদী হয়ে টেম্পু চালকের বিরুদ্ধে বোয়ালখালী থানায় মামলাটি দায়ের করেন। মামলায় টেম্পু চালক রেজাউল করিম জিসানকে একমাত্র আসামি করা হয়েছে। টেম্পু চালক জিসান বোয়ালখালী উপজেলার আমুচিয়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের খরঞ্জপাড়ার আবু বক্করের ছেলে।

ঘটনার পর পরই স্থানীয় লোকজনের সহায়তায় পুলিশ টেম্পু চালক রেজাউল করিম জিসানকে আটক করে।

বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আছহাব উদ্দিন বলেন, ‘টেম্পুর ধাক্কায় কলেজ ছাত্রী নিহতের ঘটনায় সড়ক পরিবহন আইনে থানায় মামলা হয়েছে। ওই মামলায় চালককে গ্রেফতার দেখিয়ে আদালতে সোপর্দ করা হয়। আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন।’

এর আগে, সোমবার (২৯ এপ্রিল) সকাল ১০টায় বোয়ালখালী উপজেলার ফেরিঘাটের পূর্ব প্রান্তে টেম্পুর চাপায় নিহত হন ফাতেমা তুজ জোহরা নুপুর। তিনি চট্টগ্রাম নগরের চান্দগাঁও হাজেরা তজু বিশ্ববিদ্যালয় কলেজের ছাত্রী ছিলেন। বোয়ালখালী পৌরসভার কধুরখীল এলাকার হানিফ মাঝির বাড়ির ডা. মো. হাসানের মেয়ে নুপুর।

Single Sidebar Banner
  • সর্বশেষ
  • পঠিত