নিজস্ব প্রতিবেদক :
চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আগামী ৩ মে শুরু হচ্ছে ২০২৫ সালের হজ ফ্লাইট। এদিন বিকেল ৫টায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বোয়িং -৭৭৭ উড়োজাহাজ ৪১৯ জন হজযাত্রী নিয়ে মদিনার উদ্দেশে রওনা হবে। এই ফ্লাইট দিয়েই আনুষ্ঠানিকভাবে চট্টগ্রাম থেকে হজযাত্রী পরিবহন কার্যক্রম শুরু হচ্ছে।
বিমান বাংলাদেশ এয়ারলাইন্স চট্টগ্রাম জেলা কার্যালয়ের ভারপ্রাপ্ত ব্যবস্থাপক আল মামুন ফারুক বলেন, ‘চট্টগ্রাম থেকে এবার মোট ১৭টি হজ ফ্লাইট পরিচালনা করা হবে। এর মধ্যে ১৪টি ফ্লাইট যাবে জেদ্দায় এবং বাকি ৩টি মদিনায়। চট্টগ্রাম থেকে প্রায় ৭ হাজার হজযাত্রী পরিবহনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।’
তিনি আরও বলেন, ‘গত বছর ২০২৪ সালে চট্টগ্রাম থেকে ২২টি ডেডিকেটেড হজ ফ্লাইট পরিচালনা করা হয়েছিল। এর মধ্যে ২০টি ফ্লাইট গিয়েছিল জেদ্দায় এবং মাত্র ২টি মদিনায়। এবার যাত্রী সংখ্যা কিছুটা কম হওয়ায় ফ্লাইটের সংখ্যাও কমানো হয়েছে।’
হজ এজেন্সি অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (হাব) চট্টগ্রাম জোন সূত্র জানিয়েছে, চলতি বছর চট্টগ্রাম থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের মাধ্যমে ৭ হাজার ১০০ জন হজযাত্রী পরিবহনের পরিকল্পনা রয়েছে। তবে যাত্রী সংখ্যা নিয়ে সংশয় দেখা দিয়েছে। কেননা এখন পর্যন্ত প্রায় ৬ হাজার ৩০০ হজযাত্রী চট্টগ্রাম থেকে সৌদি আরব যাওয়ার প্রস্তুতি নিয়েছেন। অর্থাৎ লক্ষ্যমাত্রা পূরণে এখনও ঘাটতি রয়ে গেছে।
হাবের দেওয়া তথ্য অনুযায়ী, গত বছর ২০২৪ সালে চট্টগ্রাম থেকে ৮ হাজার হজযাত্রী সৌদি আরবে গিয়েছিলেন। তার আগের বছর ২০২৩ সালে হজ পালনে গিয়েছিলেন ১০ হাজারের কিছু বেশি ধর্মপ্রাণ মুসলমান এবং ২০২২ সালে এই সংখ্যা ছিল প্রায় ১২ হাজার।
এদিকে, অ্যাসোসিয়েশন অব ট্রাভেল এজেন্টস অব বাংলাদেশ (আটাব) চট্টগ্রাম জোনের সেক্রেটারি মোহাম্মদ ইদ্রিস মিয়া বলেন, ‘হজে ব্যয় উল্লেখযোগ্য পরিমাণে বেড়ে যাওয়ার ফলে হজযাত্রীর সংখ্যাও কমেছে। গত বছর চট্টগ্রাম থেকে ৮ হাজার নারী-পুরুষ হজে গিয়েছিল, কিন্তু এবার ৭ হাজার যাত্রীও পূর্ণ হবে কি না তা নিয়ে সন্দেহ রয়েছে।’
চট্টগ্রাম থেকে যাত্রী পরিবহনের ক্ষেত্রে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এবারও এককভাবে দায়িত্ব পালন করছে। ফ্লাইট পরিচালনার প্রয়োজনীয় সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।


