নিজস্ব প্রতিবেদক :
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) মার্চ মাসের অপরাধ পর্যালোচনা সভা মঙ্গলবার দুপুর সাড়ে ১২টায় দামপাড়াস্থ সিএমপি সদর দপ্তরের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন সিএমপি কমিশনার হাসিব আজিজ।
সভায় কমিশনার হাসিব আজিজ নগরবাসীর নিরাপত্তা নিশ্চিত করতে সিএমপির বিভিন্ন ইউনিটকে পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ দেন। তিনি বলেন, “নগরীর আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে প্রতিটি থানা ও গোয়েন্দা ইউনিটকে আরও সক্রিয় হতে হবে।”
তিনি মাদক, চুরি, ছিনতাই, চাঁদাবাজি ও কিশোর গ্যাং দমনে উপ-পুলিশ কমিশনারদের নিজ নিজ এলাকায় তৎপরতা বাড়ানোর নির্দেশ দেন। পাশাপাশি রুজুকৃত হত্যা মামলাসহ অন্যান্য মামলার দ্রুত তদন্ত ও নিষ্পত্তির ওপর গুরুত্বারোপ করেন। মামলা নিষ্পত্তি ও ওয়ারেন্ট তামিলে গতি আনতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের কঠোরভাবে নির্দেশনা দেন তিনি।
ট্রাফিক বিভাগের উদ্দেশ্যে কমিশনার বলেন, “ফিটনেসবিহীন ও অননুমোদিত যানবাহনের বিরুদ্ধে কঠোর অভিযান পরিচালনা করতে হবে।” একই সঙ্গে ট্রাফিক ব্যবস্থাকে আরও গতিশীল ও জনবান্ধব করার তাগিদ দেন তিনি।
সভায় সিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) ও অতিরিক্ত দায়িত্বে (প্রশাসন ও অর্থ) মো. হুমায়ুন কবির, অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) মো. আসফিকুজ্জামান আকতার, সদ্য পদোন্নতি পাওয়া উপ-পুলিশ কমিশনার (সদর) মুহাম্মদ ফয়সাল আহম্মেদসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


