মামুন মুহাম্মদ :
চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় পাহাড়ি সন্ত্রাসীদের সংগঠন (শান্তি বাহিনী) নামে চাঁদা দাবির অভিযোগে তিন ব্যক্তিকে কারাগারে পাঠিয়েছে পুলিশ। গত বৃহস্পতিবার (১০জুলাই) রাতে স্থানীয় লোকজন ওই তিন চাঁদাবাজকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছেন। গতকাল শুক্রবার দুপুরে আদালতের মাধ্যমে তাঁদের চট্টগ্রাম জেলা কারাগারে পাঠানো হয়েছে।
কারাগারে পাঠানো তিন চাঁদাবাজ হলেন বান্দরবানের আলীকদম উপজেলার আবুল কাশেম পাড়া এলাকার মো. শাহাব উদ্দিনের ছেলে মোহাম্মদ হোসেন (২০), তাঁর বড় ভাই মো. আবুল কাশেম (২৯) ও বান্দরবানের লামার রূপসী পাড়া এলাকার মো. আবুল হোসেনের ছেলে মো. আবু মুছা (৩০)।
থানা-পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার ছদাহা ইউনিয়নের মাহালিয়াসহ আশপাশের এলাকায় দীর্ঘদিন ধরে শান্তি বাহিনীর নামে স্থানীয় কৃষকদের কাছ থেকে চাঁদা দাবি করে আসছিলেন কিছু ব্যক্তি। কিছুদিন আগে চাঁদা না পেয়ে এক কৃষকের খামারে আগুন ধরিয়ে দেন তাঁরা। সাম্প্রতিক সময়ে আরো বেশ কয়েকজন কৃষকের কাছে মোবাইলে চাঁদা দাবি করে আসছিলেন তাঁরা। গত বৃহস্পতিবার রাতে ওই তিন চাঁদাবাজকে মাহালিয়া এলাকায় পেয়ে আটক করেন স্থানীয় বাসিন্দারা। পরে তাঁদের সাতকানিয়া থানা-পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে।
সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহেদুল ইসলাম বলেন, দীর্ঘদিন ধরে ছদাহার মাহালিয়া ও আশপাশের এলাকায় উপজাতীয় সন্ত্রাসী সংগঠন শান্তি বাহিনীর নামে চাঁদা দাবি ও চাঁদাবাজি করে আসছিলেন তাঁরা। গত বৃহস্পতিবার রাতে স্থানীয় লোকজন চিনতে পেরে তাঁদের আটক করেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাঁরা চাঁদা দাবি ও চাঁদাবাজির কথা স্বীকার করেছেন। গতকাল শুক্রবার দুপুরে আদালতের মাধ্যমে ওই তিনজনকে কারাগারে পাঠানো হয়েছে।


