নিজস্ব প্রতিবেদক :
চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) চলমান শৃঙ্খলা ও নগর পরিবেশ রক্ষায় পরিচালিত অভিযান কার্যক্রমের অংশ হিসেবে বৃহস্পতিবার (১৭ জুলাই) নগরীর চট্টেশ্বরী মোড় ও মেহেদীবাগ রোড এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। চসিকের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট চৈতী সর্ববিদ্যা’র নেতৃত্বে পরিচালিত এই অভিযানে নগরবাসীর চলাচলের পথ রুদ্ধ করে রাখা দোকানের মালামাল, ট্রেড লাইসেন্স ব্যতিরেকে পরিচালিত ব্যবসা এবং ফুটপাতে নির্মাণ সামগ্রী ফেলে জনদুর্ভোগ সৃষ্টির মতো অপরাধের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়।
অভিযানে মোট ৮ ব্যক্তির বিরুদ্ধে মামলা রুজু করা হয় এবং তাঁদের কাছ থেকে সর্বমোট ২২ হাজার ৫০০ টাকা জরিমানা আদায় করা হয়। অভিযানে জব্দ করা হয় কিছু দোকানের মালামাল ও অবৈধভাবে ফুটপাত দখল করে রাখা নির্মাণসামগ্রী।
নগরবাসীর স্বাচ্ছন্দ্যময় চলাচল নিশ্চিত করা, ব্যবসায়িক শৃঙ্খলা ফিরিয়ে আনা এবং নগরের সৌন্দর্য রক্ষায় এ ধরনের অভিযান চলমান থাকবে বলে জানান চসিকের সংশ্লিষ্ট কর্মকর্তা।


