নিজস্ব প্রতিবেদক :
চট্টগ্রাম আদালতের সহকারী সরকারি কৌঁসুলি (এপিপি) সাইফুল ইসলাম আলিফ হত্যা মামলাসহ মোট পাঁচ মামলায় সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসের জামিন না মঞ্জুর করেছেন আদালত।
বৃহস্পতিবার (২৪ জুলাই) চট্টগ্রাম মহানগর দায়রা জজ আদালতের বিচারক হাসানুল ইসলামের আদালতে এ জামিন শুনানি অনুষ্ঠিত হয়।
উভয় পক্ষের শুনানি শেষে আদালত জামিন নামঞ্জুরের আদেশ দেন।
চট্টগ্রাম আদালতের রাষ্ট্র পক্ষের সহকারী পাবলিক প্রসিকিউটর মো রায়হানুল ওয়াজেদ চৌধুরী এই তথ্য নিশ্চিত করেন।
আসামি চিন্ময় কৃষ্ণ দাসের পক্ষে জামিন শুনানি করেন ঢাকা থেকে আসা আইনজীবী অপূর্ব কুমার ভট্টাচার্যের নেতৃত্ব একটি টিম ।
এ জামিন শুনানিকে কেন্দ্র করে চট্টগ্রাম আদালতে ব্যাপক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন করা হয়।
এর আগে গত ১ জুলাই চিন্ময় কৃষ্ণ দাসসহ ৩৮ জনের বিরুদ্ধে আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যা মামলায় আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়। এতে বলা হয়, চিন্ময় কৃষ্ণ দাসের নির্দেশ ও উসকানিতে আইনজীবী আলিফকে নির্মমভাবে খুন করা হয়।
২০২৪ সালের ২৬ নভেম্বর রাষ্ট্রদ্রোহ মামলায় ইসকন থেকে বহিষ্কৃত ও সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাশ ব্রহ্মচারীর জামিন আবেদন নামঞ্জুর হলে আদালত চত্বরে তার অনুসারীরা বিক্ষোভ শুরু করেন। তবে সংঘর্ষের সময় চট্টগ্রাম আদালতের আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে সড়কে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা।
এ ঘটনায় নিহতের বাবা জামাল উদ্দিন বাদী হয়ে ৩১ জনের নাম উল্লেখ করে কোতোয়ালি থানায় একটি হত্যা মামলা করেন।


