শুক্রবার, ৩ এপ্রিল ২০২৬
Single Top Banner

সাতকানিয়ায় দুর্ঘটনায় নিহতদের পরিবারে জামায়াত নেতৃবৃন্দের সাক্ষাৎ ও কবর জিয়ারত

নিজস্ব প্রতিবেদক : 

চট্টগ্রামের লোহাগাড়ার পদুয়ায় গতকাল মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত তিন জনশক্তির পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেছেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ। একইসঙ্গে নিহতদের কবর জিয়ারত করে তাঁদের রূহের মাগফিরাত কামনায় দোয়া করা হয়।

জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও চট্টগ্রাম দক্ষিণ জেলা আমীর জননেতা আনোয়ারুল আলম চৌধুরীর নেতৃত্বে প্রতিনিধি দলটি শোকাহত পরিবারগুলোর পাশে দাঁড়ান। এ সময় আরও উপস্থিত ছিলেন সাতকানিয়া উপজেলার আমীর মাওলানা কামাল উদ্দিন, লোহাগাড়া উপজেলা সেক্রেটারি মাওলানা আবুল কালাম, সাতকানিয়া সদর ইউনিয়নের আমীর মাওলানা মাহমুদুল হক, নায়েবে আমীর হাফেজ মাওলানা রিদওয়ানুল করিম, ভারপ্রাপ্ত চেয়ারম্যান মুহাম্মদ বেলাল উদ্দিন, পদুয়া জামায়াতের কর্মপরিষদ সদস্য মাওলানা জিয়াউল হক, তামাকুমন্ডি লেইন বণিক সমিতির প্রকাশনা সম্পাদক মুহাম্মদ সাদেক হোসাইনসহ আরও অনেকে।

জেলা আমীর আনোয়ারুল আলম চৌধুরী শোকাহত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং তাদের প্রতি সমবেদনা প্রকাশ করেন। তিনি বলেন, “নিহতদের অতীত জীবনের সকল গুনাহ যেন আল্লাহ মাফ করে জান্নাতুল ফেরদাউস নসীব করেন এবং তাদের পরিবারগুলোকে ধৈর্য ধারণের তাওফিক দান করেন—এই প্রার্থনা করছি।” তিনি স্থানীয় নেতাকর্মীদের পরিবারগুলোর সুখে-দুঃখে পাশে থাকার নির্দেশনা দেন।

তিনি আরও বলেন, “ভবিষ্যতে যেন আর কোনো পরিবারকে স্বজন হারানোর বেদনায় নিপতিত হতে না হয়, সেই দোয়া আমরা আল্লাহর দরবারে করছি। সমাজে মানবিক, সামাজিক ও সুন্নাহভিত্তিক কার্যক্রমে জনশক্তিকে বেশি সম্পৃক্ত হওয়ার আহ্বান জানাই।”

উল্লেখ্য, ২৫ জুলাই (জুমাবার) সন্ধ্যা ৬টা ১৫ মিনিটে লোহাগাড়া উপজেলার পদুয়া ইউনিয়নের সিকদারদিঘী এলাকায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে এক হৃদয়বিদারক সড়ক দুর্ঘটনা ঘটে। এতে মোটরসাইকেল আরোহী সাতকানিয়া সদর ইউনিয়নের দক্ষিণ আদর্শপাড়া এলাকার বাসিন্দা ছিদ্দিক আহমদের দুই পুত্র মো. হুমায়ুন (৩৭) ও মো. মামুন (৩২), এবং করাইয়ানগর আকবরপাড়ার আবদুল সাত্তারের পুত্র মনির হোসেন (৪৫) ঘটনাস্থলেই প্রাণ হারান। তাঁরা তিনজনই একই মোটরসাইকেলে করে গন্তব্যে যাচ্ছিলেন।

 

Single Sidebar Banner
  • সর্বশেষ
  • পঠিত