নিজস্ব প্রতিবেদক:
কুরবানির ঈদের আগে ঢাকার গরুর হাটে নিজের লালন-পালন করা গরু বিক্রি করতে এসে জীবনের সবচেয়ে বড় প্রতারণার শিকার হয়েছিলেন নাটোরের কৃষক রইস উদ্দিন। ১ লাখ ২৩ হাজার টাকার মধ্যে ১ লাখ ২১ হাজার টাকাই ছিল জাল। এমন ঘটনা জানার পর হতবিহ্বল রইস উদ্দিন কেঁদে উঠেছিলেন এক বুক হতাশায়। সেই বোবা কান্না নাড়িয়ে দিয়েছিল পুরো দেশকে।
ঠিক এমন এক দুঃখের মুহূর্তে মানবতার পাশে দাঁড়ায় আলহাজ্ব শামসুল হক (আশ) ফাউন্ডেশন। প্রথমে রইস উদ্দিনকে ফাউন্ডেশনের পক্ষ থেকে দেয়া হয় নগদ ৫০ হাজার টাকা। এরপর সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন মাধ্যমে তিনি আরও কিছু সহযোগিতা পান।
এই মানবিক উদ্যোগে অনুপ্রাণিত হয়ে ফাউন্ডেশনের সঙ্গে স্বতঃস্ফূর্তভাবে যোগাযোগ করেন জনপ্রিয় অভিনেত্রী অপু ইসলাম খান (অপু বিশ্বাস)। তিনি রইস উদ্দিনের ওমরাহ হজ পালনের সম্পূর্ণ ব্যয়ভার গ্রহণ করার ঘোষণা দেন এবং আশ ফাউন্ডেশনের সঙ্গে এ উদ্যোগ বাস্তবায়নে এগিয়ে আসেন।
ফলে, আজ শুক্রবার (২৫ জুলাই) ভোর ৬টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে পবিত্র ওমরাহ হজ পালনের উদ্দেশ্যে সৌদি আরবের পথে পাড়ি দেন রইস উদ্দিন।
আশ ফাউন্ডেশনের চেয়ারম্যান প্রকৌশলী মুহাম্মদ নাছির উদ্দিন বলেন,
“আজ শুক্রবার অসহায় বৃদ্ধ রইস উদ্দিন মহান আল্লাহর ঘরে ইবাদতের পবিত্রতম যাত্রায় বেরিয়ে গেছেন। এ যেন এক নীরব অশ্রুর বদলে আল্লাহর ঘরে সেজদার উপহার। আলহাজ্ব শামসুল হক ফাউন্ডেশন সবসময়ই মানবতার পক্ষে, নির্যাতিত মানুষের পাশে এবং প্রতিটি হারানো আশার পুনর্জাগরণে নিরবিচ্ছিন্নভাবে কাজ করে যাচ্ছে।”
রইস উদ্দিনের এই যাত্রা শুধুই একটি হজ সফর নয়, বরং মানুষের প্রতি মানুষের সহানুভূতি, ভালোবাসা এবং দায়িত্ববোধের এক উজ্জ্বল উদাহরণ।


