বুধবার, ১ এপ্রিল ২০২৬
Single Top Banner

নিহত আরও ছয়জন শিক্ষার্থীর পরিবারের সঙ্গে সাক্ষাৎ

মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের

নিজস্ব প্রতিবেদক : 

গত ২১ জুলাই মর্মান্তিক বিমান দুর্ঘটনা পরবর্তী ধারাবাহিক কার্যক্রমের অংশ হিসেবে আজ শনিবার (২৬ জুলাই) ঢাকার উত্তরায় সম্মানিত বিমান বাহিনী প্রধান এয়ার চীফ মার্শাল হাসান মাহমুদ খাঁন,-এর পক্ষ থেকে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের সপ্তম শ্রেণির শিক্ষার্থী জারিফ ফারহান এবং বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার সপ্তম শ্রেণির শিক্ষার্থী মো. সামিউল করিমের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করে তাঁদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়। তাদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে বিমান বাহিনীর পক্ষ থেকে উভয় পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা প্রকাশ করা হয়। একইসঙ্গে পরিবারদ্বয়কে সব ধরনের সহায়তা প্রদানে বিমান বাহিনী সর্বদা প্রস্তুত থাকবে বলে আশ্বস্ত করা হয়।

বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রতিনিধি দল মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক প্রতিনিধিদের সঙ্গে নিয়ে ২১ জুলাইয়ের দুর্ঘটনায় নিহত আরও ছয়জন শিক্ষার্থীর পরিবারের সঙ্গে সাক্ষাৎ করে। নিহত শিক্ষার্থীরা হলেন—মরিয়ম উম্মে আফিয়া, নুসরাত জাহান আনিকা, ওয়াকিয়া ফেরদৌস নিধি, সারিয়া আক্তার, জুনায়েত হাসান এবং সাদ সালাউদ্দিন। প্রতিনিধি দলটি শোকসন্তপ্ত পরিবারের খোঁজখবর নেয় এবং তাদের প্রতি গভীর শোক ও সমবেদনা প্রকাশ করে। একইসঙ্গে যেকোনো প্রয়োজনে পাশে থাকার এবং বিমান বাহিনীর পক্ষ থেকে সর্বাত্মক সহায়তার প্রতিশ্রুতি প্রদান করে।

এছাড়া সংহতি ও সহানুভূতির নিদর্শন হিসেবে বিএএফ শাহীন কলেজ, ঢাকা এবং বিএএফ শাহীন কলেজ, কুর্মিটোলার অধ্যক্ষ ও শিক্ষকমণ্ডলীর সমন্বয়ে দুটি প্রতিনিধি দল মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাস পরিদর্শন করে। প্রতিনিধি দল দুর্ঘটনায় আহত এবং চিকিৎসাধীন শিক্ষার্থীদের দ্রুত আরোগ্য কামনা করে এবং মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ কর্তৃপক্ষের কাছে আনুষ্ঠানিকভাবে সমবেদনাপত্র হস্তান্তর করে।

বাংলাদেশ বিমান বাহিনী সবসময় দেশের জনগণের পাশে আছে এবং ভবিষ্যতেও যে কোনো দুর্যোগ ও দুঃসময়ে সর্বাত্মক সহযোগিতা প্রদানে প্রতিশ্রুতিবদ্ধ থাকবে।

Single Sidebar Banner
  • সর্বশেষ
  • পঠিত