নিজস্ব প্রতিবেদক:
দৈনিক কর্ণফুলী পত্রিকার সাবেক সার্কুলেশন বিভাগের সহকারী মো. আবদুর রহমান (৮৫) আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। শনিবার (২৬ জুলাই) রাতে নগরের বায়েজিদ বোস্তামী থানাধীন অক্সিজেন এলাকার নিজ বাসভবনে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
পরদিন রবিবার (২৭ জুলাই) বেলা ১১টায় বায়েজিদ এলাকার আল আমিন জামে মসজিদ প্রাঙ্গণে তাঁর নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় পরিবারের সদস্য, স্বজন, পাড়া-প্রতিবেশী ও কর্ণফুলী পরিবারের সদস্যরা অংশ নেন। জানাজা শেষে মরহুমকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
দীর্ঘদিন ধরে কিডনি রোগসহ বার্ধক্যজনিত বিভিন্ন জটিলতায় ভুগছিলেন মো. আবদুর রহমান। কর্মজীবনে তিনি দৈনিক কর্ণফুলীর সার্কুলেশন বিভাগে নিষ্ঠা, সততা ও নিরবিচার দায়িত্ববোধের সঙ্গে কাজ করেছেন। পত্রিকার সার্কুলেশন ব্যবস্থাপনায় তাঁর পেশাদারিত্ব ও আন্তরিকতা তাঁকে সহকর্মীদের কাছে একজন প্রিয়, নির্ভরযোগ্য এবং সম্মানিত সহকর্মী হিসেবে প্রতিষ্ঠিত করেছিল।
মৃত্যুকালে তিনি দুই ছেলে, দুই মেয়ে এবং বহু আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। তাঁর মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে পরিবার ও সহকর্মীদের মাঝে।
মরহুম মো. আবদুর রহমানের মৃত্যুতে গভীর শোক ও শ্রদ্ধা জানিয়েছেন দৈনিক কর্ণফুলীর প্রকাশক ও সম্পাদক আলহাজ্ব আফসার উদ্দিন চৌধুরী। এক শোকবার্তায় তিনি বলেন—
“মো. আবদুর রহমান দৈনিক কর্ণফুলী পরিবারের একজন নিষ্ঠাবান, বিশ্বস্ত ও নিরবচ্ছিন্নভাবে দায়িত্বপালনকারী সদস্য ছিলেন। তাঁর সততা, বিনয় ও আত্মনিবেদিত মনোভাব আমাদের অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে। আমরা তাঁর রুহের মাগফিরাত কামনা করছি এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।”
মরহুমের বিদেহী আত্মার শান্তি কামনায় পত্রিকা পরিবারসহ সংশ্লিষ্ট সকলের পক্ষ থেকে দোয়া চাওয়া হয়েছে।


