বুধবার, ১ এপ্রিল ২০২৬
Single Top Banner

‘কিডনি রোগ মহামারীর রূপ নিচ্ছে’

নিজস্ব প্রতিবেদক:

কিডনি রোগ মহামারীর মতো ভয়াবহ আকার ধারণ করছে উল্লেখ করে কিডনি রোগীদের কল্যাণে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন কিডনি রোগী কল্যাণ সংস্থার সভাপতি ওয়াহিদ মালেক।

শনিবার (২৬ জুলাই ২০২৫) সন্ধ্যা ৭টায় চট্টগ্রামের মোমিন রোডস্থ দৈনিক আজাদী ভবনের কনফারেন্স হলে কিডনি রোগী কল্যাণ সংস্থার কার্যনির্বাহী কমিটির সভায় সভাপতির বক্তব্যে তিনি বলেন, “দেশের ১৮ কোটি জনগণের মধ্যে প্রায় ২ কোটি মানুষ কোনো না কোনোভাবে কিডনি রোগে আক্রান্ত। কিডনি রোগের চিকিৎসা এমনিতেই ব্যয়বহুল। তার উপর ডায়ালাইসিস মেডিসিন ও কিটের দাম বাড়ায় গরিব ও মধ্যবিত্ত রোগীরা চিকিৎসা থেকে বঞ্চিত হচ্ছেন। অনেকেই অকালে মৃত্যুবরণ করছেন।”

তিনি আরও বলেন, “এই অবস্থায় সমাজের সামর্থ্যবান মানুষদের উচিত নিজেদের অবস্থান থেকে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়া। পাশাপাশি জনসচেতনতা বৃদ্ধি, কিডনি রোগের ঝুঁকি এবং প্রতিকার সম্পর্কে মানুষকে জানাতে হবে। সরকারের পাশাপাশি সমাজের বিত্তবান ব্যক্তি ও বেসরকারি সাহায্য সংস্থাগুলোকে এগিয়ে আসতে হবে।”

সভায় ওয়াহিদ মালেক জানান, চট্টগ্রামে শিগগিরই ১০০ শয্যাবিশিষ্ট ‘কেপিডব্লিউ এম. এ. মালেক ডায়ালাইসিস সেন্টার’ স্থাপন করা হবে। পর্যায়ক্রমে একটি পূর্ণাঙ্গ বিশেষায়িত কিডনি হাসপাতালও গড়ে তোলা হবে।

সভায় আরও বক্তব্য রাখেন- কিডনি রোগী কল্যাণ সংস্থার আজীবন সদস্য, কিডনি ট্রান্সপ্লান্ট সোসাইটির সাব-কমিটির যুগ্ম আহ্বায়ক ও সংস্থার সিনিয়র সহ-সভাপতি মানবাধিকার নেতা অ্যাডভোকেট জিয়া হাবীব আহাসান।

সংস্থার অর্থ সম্পাদক ও সাংবাদিক মো. হোসেনের সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন সহ-সভাপতি কাজী আশরাফুল হক জীবন, সাধারণ সম্পাদক অধ্যাপক শাব্বির আহমদ, প্রচার ও প্রকাশনা সম্পাদক মুহাম্মদ ওবায়দুল হক মনি, কার্যনির্বাহী সদস্য মোহাম্মদ আলমগীর, আহসান হাবীব বাবু, মোহাম্মদ আরিফ, দীপংকর বোস এবং অফিস কর্মকর্তা মোহাম্মদ আবদুল আলী প্রমুখ।

Single Sidebar Banner
  • সর্বশেষ
  • পঠিত