নিজস্ব প্রতিবেদক :
চট্টগ্রাম মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের উত্তর-দক্ষিণ বিভাগের বিশেষ অভিযানে ১টি বিদেশি পিস্তল ও ৩ রাউন্ড তাজা গুলিসহ বাকলিয়া থানার হত্যা মামলার এক আসামিকে গ্রেফতার করা হয়েছে।
রবিবার (২৭ জুলাই) রাত ৯টা ১০ মিনিটে এসআই ফজলে রাব্বী কায়সার ও এসআই নূরে আলম সিদ্দিকের নেতৃত্বে ডিবি টিম-২ চট্টগ্রাম নগরীর নতুন ব্রিজ মোড় এলাকায় দায়িত্ব পালনকালে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন—বাকলিয়ার তক্তারপুল এলাকার খালপাড়ে অস্ত্রধারী সন্ত্রাসীরা অবস্থান করছে।

অভিযানিক দল সেখানে পৌঁছালে পুলিশের উপস্থিতি টের পেয়ে দুইজন পালিয়ে যাওয়ার চেষ্টা করে। ডিবি সদস্যরা ধাওয়া করে একজনকে আটক করতে সক্ষম হয়। আটককৃত আসামি মোঃ সুমন (১৯)। সে কুমিল্লা জেলার করিমপুর মুরাদনগর এলাকার মো. জামালের ছেলে।বর্তমানে তক্তারপুল, দৌলতখানের কলোনিতে বসবাস করছে। পলাতক আসামির নাম মোঃ আসিফ (২৬) বলে জানা গেছে।

আটক সুমনকে জিজ্ঞাসাবাদে সে জানায়, ২৫ জুলাই রাতে আরাকান রোড সংলগ্ন ৫ নম্বর ব্রিজের পশ্চিম পাশে মাদক ব্যবসার আধিপত্য ও পূর্ব শত্রুতার জেরে মহিউদ্দিন (৪৫) নামে এক ব্যক্তিকে গুলি করে হত্যা করে সে ও পলাতক আসিফ। এ ঘটনায় বাকলিয়া থানায় একটি হত্যা মামলা রুজু আছে বলে ডিবি পুলিশ নিশ্চিত করেছে।
ধৃত আসামি আরও জানায়, হত্যায় ব্যবহৃত আগ্নেয়াস্ত্রটি খালের পাড়ে ইটের স্তুপের নিচে লুকানো হয়েছে। পরে অভিযানিক দল সুমনকে সঙ্গে নিয়ে ওই স্থানে গিয়ে তার দেখানো মতে খালের দেয়ালের পাশে লুকিয়ে রাখা একটি পুরাতন কালচে রঙের সচল বিদেশি পিস্তল উদ্ধার করে। পিস্তলের সঙ্গে যুক্ত ম্যাগাজিনে ছিল ৩ রাউন্ড তাজা গুলি, যার প্রতিটির পেছনে খোদাই করা আছে।
গ্রেফতারকৃত আসামি ও পলাতকের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানায় ডিবি পুলিশ।


