আন্তঃজেলা ডাকাত দলের সক্রিয় সদস্য মো. হান্নানকে এক সহযোগীসহ গ্রেফতার করেছে পুলিশ।
চট্টগ্রাম জেলা পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম সানতু’র নির্দেশনায় এবং সীতাকুণ্ড মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মজিবুর রহমান এর সার্বিক তত্ত্বাবধানে, এসআই সৈয়দ সফিউল করিম এ অভিযান পরিচালনা করেন।
সোমবার (২৮ জুলাই) ভোর আনুমানিক ৪টা ৫ মিনিটে সীতাকুণ্ড থানাধীন কুমিরা ইউনিয়নের রয়েল গেইট এলাকা থেকে মো. হান্নান ও তার সহযোগী আরিফকে গ্রেফতার করা হয়। গ্রেফতার হান্নান সীতাকুণ্ড উপজেলার ৭নং কুমিরা ইউনিয়নের ঘোড়ামারা এলাকার নুর মিয়ার ছেলে।
জেলা পুলিশ সুপার জানিয়েছেন, গ্রেফতার মো. হান্নান একজন চিহ্নিত আন্তঃজেলা ডাকাত দলের সক্রিয় সদস্য। তার বিরুদ্ধে অস্ত্র আইন, ডাকাতি, ডাকাতির প্রস্তুতি, গণধর্ষণ, চুরি, দ্রুত বিচার আইন, পুলিশ আক্রান্ত, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনসহ দণ্ডবিধির বিভিন্ন ধারায় মোট ১১টি মামলা রয়েছে।


