চলমান ডেঙ্গু ও চিকুনগুনিয়া পরিস্থিতিতে রোগ নির্ণয় প্রক্রিয়া সহজ ও হয়রানিমুক্ত করতে চট্টগ্রাম জেলার সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম মহানগরীর বিভিন্ন ডায়াগনস্টিক সেন্টার ও হাসপাতালের দায়িত্বপ্রাপ্ত প্রতিনিধিদের সঙ্গে এক বিশেষ আলোচনা সভায় মিলিত হন। সোমবার (২৮ জুলাই) এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় ডায়াগনস্টিক সেন্টারগুলোতে বিভিন্ন পরীক্ষার ফি নির্ধারণ ও আদায় সংক্রান্ত বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়। সেবাপ্রত্যাশীরা যেন কোন ধরনের হয়রানির শিকার না হন, সে বিষয়ে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর প্রতি কড়া নির্দেশনা দেন সিভিল সার্জন।
তিনি বলেন, রোগ নির্ণয়ের জন্য বিভিন্ন পরীক্ষার ফি সমন্বিতভাবে একক হারে নির্ধারণ করা যায় কি না, তা বিবেচনা করতে হবে। একইসঙ্গে প্রতিটি প্রতিষ্ঠানে রোগ নির্ণয় পরীক্ষার মূল্য তালিকা দৃশ্যমান স্থানে টাঙিয়ে রাখার নির্দেশ দেন তিনি।
সভায় উপস্থিত বেসরকারি ডায়াগনস্টিক সেন্টার ও হাসপাতাল প্রতিনিধিরা হয়রানিমুক্ত ও উন্নত সেবা নিশ্চিতের প্রতিশ্রুতি দেন। সরকার নির্ধারিত পরীক্ষার ফি যথাযথভাবে অনুসরণ করার বিষয়েও তারা সম্মতি জানান।
সভায় সিদ্ধান্ত গৃহীত হয়—চিকুনগুনিয়া রোগ নির্ণয়ে RT-PCR টেস্টের সর্বোচ্চ ফি ৪ হাজার ৫০০ টাকা নির্ধারণ করা হয়। যা মঙ্গলবার (২৯ জুলাই) থেকে কার্যকর হবে। এতে উপস্থিত সকলে সম্মতি দেন।


