বুধবার, ১ এপ্রিল ২০২৬
Single Top Banner

হাটহাজারী পার্বতী স্কুল মাঠে মেলা বন্ধ করল প্রশাসন

হাটহাজারী প্রতিনিধি :

চট্টগ্রামের হাটহাজারী পার্বতী মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের মাঠে মাসব্যাপী বাণিজ্য মেলা আয়োজনের উদ্যোগ শেষপর্যন্ত বন্ধ করে দিয়েছে জেলা প্রশাসন। মঙ্গলবার (২৯ জুলাই) সকালে চট্টগ্রামের জেলা প্রশাসক ফরিদা খানমের নির্দেশে হাটহাজারী উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহেদ আরমান মেলার কার্যক্রম বন্ধ করেন।

‘বাংলাদেশ বেনারসি মুসলিম অ্যান্ড জামদানি সোসাইটি’ নামে একটি সংগঠন শিক্ষা প্রতিষ্ঠানের মাঠে মেলা আয়োজনের উদ্যোগ নিলে শুরু থেকেই এর প্রতিবাদে সোচ্চার হয় এলাকাবাসী, ক্রীড়া সংগঠক, সাংবাদিক ও ব্যবসায়ী নেতারা। বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়ার পাশাপাশি গণমাধ্যমে একাধিক প্রতিবেদন প্রকাশিত হলে জনমত আরও জোরালো হয়।

পরিস্থিতি গুরুত্ব সহকারে বিবেচনা করে বিষয়টি পরিবেশ ও বন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়সহ জেলা প্রশাসনের নজরে আসে। এরপর আন্দোলনরত নেতাদের সঙ্গে আলোচনা করে মাঠ রক্ষায় মেলা বন্ধের সিদ্ধান্ত নেয় প্রশাসন।

সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত জরুরি বৈঠকে বক্তব্য রাখেন ইউএনও মুহাম্মদ আব্দুল্লাহ আল মুমিন, নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহেদ আরমান, প্রকৌশলী জয়শ্রী দে, উপজেলা ক্রীড়া সংস্থা, হাটহাজারী প্রেস ক্লাব, ব্যবসায়ী সংগঠন এবং বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধিরা।

বক্তারা বলেন, পার্বতী স্কুল মাঠ কেবল শিক্ষা প্রতিষ্ঠান নয়, এটি হাটহাজারীর কেন্দ্রীয় খেলার মাঠ এবং দীর্ঘদিনের ঐতিহ্যবাহী ক্রীড়াঙ্গনের প্রাণ। এখানে বানিজ্য মেলা আয়োজন করলে মাঠের স্থাপনা ও পরিবেশ ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি নিয়মিত খেলাধুলায় বাধা সৃষ্টি হতো।

সভায় অংশগ্রহণকারী নেতারা শিক্ষা প্রতিষ্ঠানের মাঠে যেকোনো ধরনের বাণিজ্যিক কার্যক্রম বন্ধে প্রশাসনের ভূমিকার প্রশংসা করেন এবং এ ধরনের আয়োজন প্রতিরোধে দীর্ঘমেয়াদী নীতিমালা প্রণয়নের আহ্বান জানান।

এ সময় আরও উপস্থিত ছিলেন- খোরশেদ আলম শিমুল, আসলাম মোর্শেদ, আব্দুর শুক্কুর, মো. ওসমান, এম নাজমুল ইসলাম, আবু তালেব, সোহেল সিদ্দিকী, জসীমউদ্দিন বাবুল, সোহেল রানা, মো. সাইমুন, কাজী এরশাদ প্রমুখ।

সভায় শিক্ষাপ্রতিষ্ঠানের মাঠে মেলা নিষিদ্ধ করে বাণিজ্যিক আয়োজনের জন্য পৃথক স্থান নির্ধারণের দাবি জানান নেতারা।

Single Sidebar Banner
  • সর্বশেষ
  • পঠিত