বুধবার, ১ এপ্রিল ২০২৬
Single Top Banner

বাঁশখালীতে জেলা প্রশাসকের সরকারি উন্নয়ন কার্যক্রম পরিদর্শন ও প্রকল্প উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক :

চট্টগ্রাম জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ফরিদা খানম মঙ্গলবার (২৯ জুলাই) বাঁশখালী উপজেলায় সরকারি উন্নয়ন কার্যক্রম পরিদর্শন এবং বিভিন্ন উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করেন।

পরিদর্শনকালে তিনি উপজেলা পরিষদ কম্পাউন্ডে জেলা প্রশাসক মুক্ত মঞ্চের ভিত্তিপ্রস্তর স্থাপন, বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন, ত্রাণ ভান্ডার, গাড়ির গ্যারেজ, ওয়াশ কর্ণার নির্মাণ কাজ এবং উপজেলা এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আদালত কক্ষ আধুনিকীকরণ ও সংস্কার কার্যক্রমের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।

পরবর্তীতে উপজেলা পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে অনুষ্ঠিত মতবিনিময় সভায় জেলা প্রশাসক প্রশাসনিক দক্ষতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন। তিনি সেবার মান উন্নয়ন ও জনকল্যাণমুখী কার্যক্রম জোরদারের নির্দেশনা প্রদান করেন এবং বাঁশখালী উপজেলায় বিভিন্ন দপ্তরের মধ্যে বিদ্যমান টিমওয়ার্কের প্রশংসা করেন।

এরপর উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত এক অনুষ্ঠানে ৪০টি কমিউনিটি ক্লিনিকে চিকিৎসা সরঞ্জামাদি, প্রান্তিক কৃষকদের মাঝে কৃষি যন্ত্রপাতি ও উপকরণ, এবং মাধ্যমিক পর্যায়ের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে হাই-বেঞ্চ, লো-বেঞ্চ ও ক্রীড়া সামগ্রী বিতরণ করেন জেলা প্রশাসক।

তিনি বাঁশখালী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়সহ পাঁচটি শিক্ষা প্রতিষ্ঠানে স্থাপিত স্যানিটারি ন্যাপকিন ভেন্ডিং মেশিন ও ‘জয়িতা কর্ণার’ এরও উদ্বোধন করেন।

একই দিন দুপুরে তিনি বাঁশখালী থানায় চলমান সেবা কার্যক্রম সরেজমিনে পর্যবেক্ষণ করেন।

দিনব্যাপী কর্মসূচির শেষাংশে “বাংলাদেশের ৩০টি পৌরসভায় পানি সরবরাহ ও স্যানিটেশন” প্রকল্পের আওতায় বাঁশখালী পৌরসভায় পানি সরবরাহ লাইন, গৃহ সংযোগ, ওভারহেড ট্যাংক এবং পানি শাখার অফিস উদ্বোধন করেন জেলা প্রশাসক ফরিদা খানম।

Single Sidebar Banner
  • সর্বশেষ
  • পঠিত