বৃহস্পতিবার, ২ এপ্রিল ২০২৬
Single Top Banner

বাংলাদেশ-মালয়েশিয়া পুলিশের মধ্যে সহযোগিতা জোরদারে বৈঠক

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশ পুলিশ ও রয়েল মালয়েশিয়া পুলিশ আন্তঃদেশীয় অপরাধ দমন, সন্ত্রাসবাদ প্রতিরোধ এবং অন্যান্য নিরাপত্তা বিষয়ক ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতা জোরদারে সম্মত হয়েছে।

বুধবার (৩০ জুলাই) সকালে রাজধানীর পুলিশ হেডকোয়ার্টার্সের হল অব প্রাইডে দুই দেশের মধ্যে এক দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে বাংলাদেশের পক্ষে নেতৃত্ব দেন ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি) বাহারুল আলম। মালয়েশিয়ার পক্ষে নেতৃত্ব দেন রয়েল মালয়েশিয়া পুলিশের কাউন্টার টেররিজম ইউনিটের প্রধান আজমান বিন আব্দ. রাযাক। সাত সদস্যের প্রতিনিধি দল নিয়ে তিনি এই বৈঠকে অংশ নেন।

আইজিপি বাহারুল আলম মালয়েশিয়ান প্রতিনিধি দলকে স্বাগত জানিয়ে বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যে বিদ্যমান সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক ও পারস্পরিক আস্থার বিষয়টি তুলে ধরেন।

বৈঠকে সন্ত্রাসবাদ, মানবপাচার, অর্থপাচার এবং নিরাপত্তা ইস্যুতে সহযোগিতা আরও বৃদ্ধি করার ওপর গুরুত্বারোপ করা হয়। উভয় দেশের পুলিশ সদস্যরা প্রয়োজনে তাৎক্ষণিকভাবে তথ্য বিনিময়ের মাধ্যমে পারস্পরিক সহযোগিতায় সচেষ্ট থাকার প্রত্যাশা ব্যক্ত করেন।

এ সময় র‍্যাবের মহাপরিচালক এ কে এম শহিদুর রহমান, স্পেশাল ব্রাঞ্চের অতিরিক্ত আইজি মো. গোলাম রসুল, পুলিশ হেডকোয়ার্টার্সের অতিরিক্ত আইজি (ক্রাইম অ্যান্ড অপারেশনস) খোন্দকার রফিকুল ইসলাম এবং পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Single Sidebar Banner
  • সর্বশেষ
  • পঠিত