গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে আত্মত্যাগকারী শহীদ ওয়াসিম আকরামকে স্মরণ করে এক দোয়া মাহফিল ও এতিমদের মাঝে খাদ্য বিতরণ অনুষ্ঠানে অংশ নেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ও মহানগর বিএনপির সাবেক সভাপতি ডা. শাহাদাত হোসেন। তিনি বলেন, “ওয়াসিম আকরাম নিজের রক্ত দিয়ে গণঅভ্যুত্থানের ইতিহাস লিখে গেছেন। যতদিন গণতান্ত্রিক চেতনা থাকবে, ততদিন তিনি মানুষের হৃদয়ে অমর থাকবেন।”
বৃহস্পতিবার (৩১ জুলাই) দুপুরে চট্টগ্রাম প্রেসক্লাবের আবদুল খালেক মিলনায়তনে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ডা. শাহাদাত আরও বলেন, “গণঅভ্যুত্থানের প্রেক্ষাপটে গড়ে ওঠা রাজনৈতিক দল এবং একটি মহল ওয়াসিম আকরামের আত্মত্যাগকে সচেতনভাবে উপেক্ষা করছে। অথচ তিনি চাকরির দাবিতে নয়, বরং ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে সক্রিয়ভাবে অংশ নিয়েছিলেন।”
তিনি বলেন, “ওয়াসিম আকরাম কেবল একজন ছাত্রনেতা নন, ছিলেন রাজনৈতিক কর্মীও। তাঁর আত্মত্যাগ আমাদের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে। আমরা চাই, তরুণ প্রজন্ম তাঁর ইতিহাস জানুক, দেশপ্রেমে উদ্বুদ্ধ হোক।”
অনুষ্ঠানে বিশেষ মোনাজাতে শহীদদের আত্মার মাগফিরাত কামনা করা হয় এবং এরপর এতিমদের মাঝে খাবার বিতরণ করা হয়। এ আয়োজন শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানানোর পাশাপাশি সামাজিক দায়বদ্ধতারও এক দৃষ্টান্ত স্থাপন করেছে বলে জানান আয়োজকরা।
ডা. শাহাদাত হোসেন বলেন, “জুলাই আন্দোলন ছিল কোনো একক গোষ্ঠীর অর্জন নয়। এটি গত ১৬ বছরের লাগাতার আন্দোলনের ফসল, যেখানে বিএনপি ও অঙ্গসংগঠনের সর্বস্তরের নেতাকর্মীরা অংশগ্রহণ করেছেন এবং সবচেয়ে বেশি নিপীড়নের শিকার হয়েছেন।”
তিনি বলেন, “দেশনায়ক তারেক রহমানের বলিষ্ঠ নেতৃত্বে আমরা আন্দোলন চালিয়ে যাচ্ছি। এটি ব্যক্তিস্বার্থের জন্য নয়, গণতন্ত্র ও জনগণের অধিকার রক্ষার সংগ্রাম। ইনশাআল্লাহ, বিএনপি আগামী নির্বাচনে নিরঙ্কুশ বিজয় অর্জন করবে।”
মেয়র জানান, শহীদ ওয়াসিম আকরামের স্মৃতিকে সম্মান জানিয়ে সিটি কর্পোরেশন তার নামে একটি পার্ক করেছে। এছাড়া বিমানবন্দর সংলগ্ন এলিভেটেড এক্সপ্রেসওয়ের একটি অংশও তার নামে নামকরণ করা হয়েছে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন- চট্টগ্রাম কলেজ ছাত্রদলের সাবেক আহ্বায়ক ও মহানগর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মো. কামরুল ইসলাম। অনুষ্ঠান পরিচালনা করেন চট্টগ্রাম কলেজ ছাত্রদলের সাবেক আহ্বায়ক আবু বক্কর সিকদার ও মহসিন কলেজ ছাত্রদলের সাবেক আহ্বায়ক ইয়াকুব আলী সিফাত।
বিশেষ অতিথির বক্তব্য দেন চট্টগ্রাম মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক আলহাজ্ব এম এ আজিজ, হারুন জামান, আর ইউ চৌধুরী শাহীন, ইয়াছিন চৌধুরী লিটন, আহ্বায়ক কমিটির সদস্য খোরশেদ আলম, মামুনুল ইসলাম হুমায়ুন, শহীদ ওয়াসিমের পিতা শফিউল আলম, মহানগর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সামিয়াত আমিন জিসান।
এছাড়াও বক্তব্য রাখেন সাবেক ছাত্রদল নেতা নজরুল ইসলাম, গিয়াস উদ্দিন আবিদ, আনোয়ার হোসেন, দিদারুল আলম, ঈমাম হোসেন আবির, শহীদুল্লাহ ফয়সাল, নুরুল কবির, জুনাইদ রাসেল, বোরহানুল হক, শরীফুল ইসলাম আবির, মো. শোয়াইব, পারভেজ হাসান, তারেক হোসেন, মো. শাউন, মো. আরফাত, ইমরান হোসেন, মো. রাকিব, মিনার, তৌহিদুল ইসলাম, মানিক, মোজাম্মেল হোসেন, মো. শাকিল, মো. জাহেদ প্রমুখ।


