বুধবার, ১ এপ্রিল ২০২৬
Single Top Banner

‘নতুন বাংলাদেশের’ ঘোষণা ৩ আগস্ট 

নিজস্ব প্রতিবেদক :

বছরব্যাপী কর্মসূচির অংশ হিসেবে জাতীয় নাগরিক পরিষদ (এনসিপি) সারাদেশজুড়ে পরিচালিত “দেশ গড়তে জুলাই পদযাত্রা” কর্মসূচি সফলভাবে সম্পন্ন করেছে। মাসব্যাপী এই কর্মসূচির সমাপ্তি উপলক্ষে আগামী ৩ আগস্ট ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনারে আয়োজিত এক সমাবেশে ‘নতুন বাংলাদেশের প্রতিশ্রুতি’ ঘোষণা করবেন সংগঠনের কেন্দ্রীয় নেতা নাহিদ ইসলাম।

সংগঠনের প্রচার ও প্রকাশনা সম্পাদক মোহাম্মদ মিরাজ মিয়া স্বাক্ষরিত এক বিবৃতিতে জানানো হয়, জুলাই মাসজুড়ে গ্রাম-গঞ্জ, জনপদ ও শহরে এনসিপির নেতৃবৃন্দ দেশের সাধারণ মানুষ, বিশেষ করে শ্রমিক, কৃষক, দিনমজুর, গৃহিণী ও পেশাজীবীদের সঙ্গে সরাসরি কথা বলেছেন। তাঁদের চাওয়া-পাওয়া, মতামত এবং উদ্বেগ-আকাঙ্ক্ষা সংগৃহীত হয়েছে পদযাত্রা কর্মসূচির মাধ্যমে।

বিবৃতিতে বলা হয়, “২০২৪ সালের ৩ আগস্ট এক দফার ঘোষণার মাধ্যমে যে সংগ্রামের সূচনা হয়েছিল, একই দিনে একই স্থানে (কেন্দ্রীয় শহীদ মিনার) এবার জনতার প্রত্যাশা ও এনসিপির ভবিষ্যৎ কর্মপরিকল্পনা ঘোষিত হবে। নাহিদ ইসলাম তুলে ধরবেন জনগণের ভাবনা, ‘জুলাই ঘোষণাপত্র ও সনদ’ এবং তার বাস্তবায়নের দাবিতে পরবর্তী আন্দোলনের রূপরেখা।”

এনসিপির পক্ষ থেকে ৬৪ জেলার নেতাকর্মীদেরকে ঢাকায় সমাবেশে উপস্থিত থাকার জন্য আহ্বান জানানো হয়েছে। প্রতিটি জেলা ও উপজেলা সমন্বয় কমিটিকে নিজ নিজ তত্ত্বাবধায়কের সঙ্গে সমন্বয় করে ঐতিহাসিক এই কর্মসূচি সফলভাবে বাস্তবায়নের নির্দেশ দিয়েছেন এনসিপির সদস্য সচিব আখতার হোসেন।

বিবৃতির শেষে বলা হয়, “আগামী ৩ আগস্ট হতে যাচ্ছে বাংলাদেশের জন্য একটি ঐতিহাসিক দিন। নতুন কিছু আসছে— দেখা হবে নতুন বাংলাদেশ গড়ার সন্ধিক্ষণে।”

Single Sidebar Banner
  • সর্বশেষ
  • পঠিত