বুধবার, ১ এপ্রিল ২০২৬
Single Top Banner

৫ আগস্টের মধ্যেই ‘জুলাই ঘোষণাপত্র’ 

নিজস্ব প্রতিবেদক

‘জুলাই ঘোষণাপত্র’ ৫ আগস্টের মধ্যেই ঘোষণা করা হবে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম। শুক্রবার (১ আগস্ট) দিবাগত রাত ১২টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ তথ্য জানান।

মাহফুজ আলম লেখেন, “জুলাই ঘোষণাপত্র এখন বাস্তবতা। ৫ই আগস্টের মধ্যেই ঘোষিত হবে ঘোষণাপত্র। ঘোষণাপত্র ইস্যুকে গণআকাঙ্ক্ষায় বাঁচিয়ে রেখে এটা বাস্তবায়নের পথ সুগম করার জন্য সবাইকে ধন্যবাদ।”

গত বছরের ঐতিহাসিক জুলাই গণ-অভ্যুত্থানের পর থেকেই এই ঘোষণাপত্র নিয়ে আলোচনা শুরু হয়। অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া শিক্ষার্থী ও সাধারণ জনগণ ঘোষণাপত্র প্রকাশের দাবিতে আন্দোলন অব্যাহত রেখেছে। যদিও গত কয়েক মাস ধরে রাজনৈতিক দলগুলোর মধ্যে দফায় দফায় আলোচনা হয়েছে, কিন্তু ঘোষণাপত্রের মৌলিক বেশ কিছু বিষয়ে এখনো মতপার্থক্য রয়ে গেছে।

অন্তর্বর্তী সরকারের সঙ্গে যুক্ত সূত্রগুলো জানিয়েছে, অভ্যুত্থানের বর্ষপূর্তিকে সামনে রেখে ‘জুলাই ঘোষণাপত্রের’ চূড়ান্ত খসড়া ইতোমধ্যে বিএনপি, জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)সহ বিভিন্ন রাজনৈতিক দলকে পাঠানো হয়েছে। ঘোষণাপত্রের খসড়ায় মোট ২৬টি দফা রয়েছে।

প্রথম ২১টি দফায় মহান মুক্তিযুদ্ধ, পূর্ববর্তী গণআন্দোলন ও জুলাই অভ্যুত্থানের পটভূমি তুলে ধরা হয়েছে। পরের পাঁচটি দফায় রাষ্ট্রের গণতান্ত্রিক সংস্কার, গুম-খুন ও নিপীড়নের বিচার, মানবাধিকার প্রতিষ্ঠা, দুর্নীতিমুক্ত ও বৈষম্যহীন সমাজ গঠন এবং জবাবদিহিমূলক গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠার প্রতিশ্রুতি অন্তর্ভুক্ত করা হয়েছে।

ঐকমত্য কমিশন আশা করছে, দলগুলোর মধ্যে শিগগিরই একটি ঐক্যমত্য গড়ে উঠবে এবং ঘোষণাপত্র বাস্তবায়নের প্রক্রিয়া আরও জোরালোভাবে এগিয়ে যাবে।

Single Sidebar Banner
  • সর্বশেষ
  • পঠিত