চট্টগ্রাম নগরীতে ডাকাতির প্রস্তুতিকালে চার ডাকাতকে গ্রেফতার করেছে চান্দগাঁও থানা পুলিশ। শনিবার (২ আগস্ট) রাতে চান্দগাঁও থানাধীন কামালবাজার ৮ নম্বর পুল রেলবিট এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন—মো. তৌহিদুল ইসলাম (২২), পলাশ দাশ (৪০), মো. মোশারফ (২৪) এবং মো. শাহীন (৩১)। এসময় তাদের কাছ থেকে ডাকাতিতে ব্যবহারের জন্য প্রস্তুত রাখা বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত সরঞ্জামের মধ্যে রয়েছে—দুটি চাপাতি, একটি দা, দুটি চাকু, একটি হাতুড়ি, একটি লোহার রড এবং একটি লোহার শিল।
চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আফতাব উদ্দিন জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। তাদেরকে আদালতে প্রেরণ করা হবে।


