চট্টগ্রাম জেলার সীতাকুণ্ড উপজেলায় অবৈধ পাহাড় কাটার বিরুদ্ধে মোবাইল কোর্টের অভিযান পরিচালনা করা হয়েছে। রবিবার (৩ আগস্ট) বায়েজীদ লিংক রোড এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন সীতাকুণ্ড উপজেলা ভূমি অফিসের সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আবদুল্লাহ আল মামুন।
অভিযানে পাহাড় কাটায় জড়িত এক ব্যক্তি অমিত আইচকে এক লাখ টাকা জরিমানা করা হয় এবং তাৎক্ষণিক আদায় করা হয়। পাশাপাশি অবৈধভাবে নির্মিত স্থাপনা উচ্ছেদ করা হয়েছে।
পরিবেশ অধিদপ্তর, চট্টগ্রাম জেলা কার্যালয়ের উপপরিচালক মো. মোজাহিদুর রহমান, রিসার্চ অফিসার মো. আশরাফ উদ্দিন ও ডাটা এন্ট্রি অপারেটর কাজী ইফতেকার উদ্দিন অভিযানে উপস্থিত ছিলেন। আইনশৃঙ্খলা রক্ষায় সীতাকুণ্ড মডেল থানার পুলিশ সদস্যরা দায়িত্ব পালন করেন।
উপজেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর পাহাড় কাটার বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে এবং এ ধরনের অভিযান নিয়মিত চালিয়ে অবৈধ কার্যক্রম দমনে সচেষ্ট থাকবে বলে জানান।


