অন্তবর্তীকালীন সরকারের পক্ষ থেকে বহুল প্রতীক্ষিত জুলাই ঘোষণাপত্র অবশেষে প্রকাশিত হতে যাচ্ছে। আজ মঙ্গলবার (৫ আগস্ট) বিকেল ৫টায় রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে এক আনুষ্ঠানিক অনুষ্ঠানে এই ঘোষণাপত্র পাঠ করবেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
ঘোষণাপত্র পাঠের এ অনুষ্ঠানে বিএনপি অংশ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে পাঁচ সদস্যের একটি প্রতিনিধি দল সেখানে উপস্থিত থাকবেন।
বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানিয়েছেন, সোমবার রাতে দলের স্থায়ী কমিটির এক বৈঠকে এই সিদ্ধান্ত গৃহীত হয়। প্রতিনিধি দলে থাকবেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, ড. আব্দুল মঈন খান, নজরুল ইসলাম খান এবং সালাহউদ্দিন আহমেদ।
এর আগে বিকেলে অন্তবর্তীকালীন সরকারের পক্ষ থেকে বিএনপিকে অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য আনুষ্ঠানিক আমন্ত্রণ জানানো হয়।
রাজনৈতিক অঙ্গনে এ ঘোষণাপত্রকে ঘিরে চলছে নানা আলোচনা। অনেকেই মনে করছেন, দেশের রাজনৈতিক উত্তরণ ও ভবিষ্যৎ রূপরেখা নির্ধারণে এই ঘোষণাপত্র গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।


