বুধবার, ১ এপ্রিল ২০২৬
Single Top Banner

জুলাই গণঅভ্যুত্থান দিবসে রাষ্ট্রপতির বাণী

“ফ্যাসিবাদের মূলোৎপাটন করে জুলাইয়ের চেতনা বাস্তবায়ন করতে হবে”

নিজস্ব প্রতিবেদক

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে দেশের জনগণকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। সোমবার (৪ আগস্ট) রাতে গণমাধ্যমে পাঠানো এক বাণীতে তিনি বলেন, “বৈষম্যমূলক রাষ্ট্রব্যবস্থা ও ফ্যাসিবাদী অপশাসনের বিরুদ্ধে ছাত্র-শ্রমিক-জনতার সম্মিলিত প্রতিরোধের মধ্য দিয়ে ২০২৪ সালের এই দিনে অর্জিত চূড়ান্ত বিজয় ছিল একটি ঐতিহাসিক মাইলফলক।”

রাষ্ট্রপতি তার বাণীতে বলেন, “আমি গভীর শ্রদ্ধায় স্মরণ করি জুলাই গণঅভ্যুত্থানে শহীদ হওয়া সকল সাহসী মানুষকে, যারা স্বৈরাচার মুক্ত বাংলাদেশের জন্য নিজেদের জীবন উৎসর্গ করেছেন। একইসঙ্গে আহত, পঙ্গু, দৃষ্টিশক্তিহীন হয়ে যাওয়া সকল বীর জুলাই যোদ্ধার প্রতি জানাই গভীর কৃতজ্ঞতা।”

তিনি বলেন, “জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের পরিবার এবং আহতদের জন্য ন্যায়বিচার নিশ্চিত করা রাষ্ট্রের পবিত্র দায়িত্ব। এই দায়িত্ব পালনে রাষ্ট্র অঙ্গীকারবদ্ধ।”

বাণীতে রাষ্ট্রপ্রধান উল্লেখ করেন, “জুলাই গণঅভ্যুত্থান ছিল দীর্ঘদিনের বঞ্চনা, দুঃশাসন, দুর্নীতি, গুম, খুন, ভোটাধিকার হরণসহ সর্বব্যাপী ফ্যাসিবাদী নিপীড়নের বিরুদ্ধে এক মহামিলনের বিস্ফোরণ। এই গণআন্দোলনের লক্ষ্য ছিল জনগণের ক্ষমতায়ন, মত প্রকাশের স্বাধীনতা ও প্রকৃত গণতন্ত্র প্রতিষ্ঠা।”

তিনি আরও বলেন, “আজকের দিনে আমাদের সংকল্প হওয়া উচিত—ফ্যাসিবাদের মূলোৎপাটন করে জুলাইয়ের চেতনা পরিপূর্ণভাবে বাস্তবায়ন করা। যাতে ভবিষ্যত প্রজন্ম একটি সুখী, সমৃদ্ধ, ন্যায় ও সাম্যের বাংলাদেশ পায়।”

রাষ্ট্রপতি তার বাণীতে আরো জানান, জুলাই গণঅভ্যুত্থান-পরবর্তী সময়ে রাষ্ট্র ব্যাপকভিত্তিক সংস্কার প্রক্রিয়ার মধ্য দিয়ে অগ্রসর হচ্ছে এবং সেই সংস্কারে গণ-আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটছে।

বাণীর শেষভাগে রাষ্ট্রপতি বলেন, “আমি আশা করি, এই দিবস উপলক্ষে গৃহীত সকল কর্মসূচি সফলভাবে সম্পন্ন হবে। এবং আগামী দিনগুলোতে গণতান্ত্রিক উত্তরণের পথ সুদৃঢ় হবে।”

Single Sidebar Banner
  • সর্বশেষ
  • পঠিত