বুধবার, ১ এপ্রিল ২০২৬
Single Top Banner

জুলাই গণঅভ্যুত্থানে নিহত ১১৪ শহীদের মরদেহ উত্তোলনের নির্দেশ

নিজস্ব প্রতিবেদক

জুলাই গণঅভ্যুত্থানে নিহত অজ্ঞাতনামা ১১৪ শহীদের মরদেহ কবর থেকে উত্তোলনের নির্দেশ দিয়েছেন আদালত। সোমবার (৪ আগস্ট) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মোস্তাফিজুর রহমান এই আদেশ দেন। আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর মোহাম্মদ শামসুদ্দোহা সুমন বিষয়টি নিশ্চিত করেছেন।

আদালতের আদেশে বলা হয়েছে, মরদেহগুলো উত্তোলন করে ডিএনএ নমুনা সংগ্রহ ও পোস্টমর্টেম রিপোর্ট প্রস্তুতের মাধ্যমে শহীদদের পরিচয় শনাক্ত করা হবে। পরবর্তীতে আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে শনাক্তকৃতদের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তরের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ারও নির্দেশ দেওয়া হয়েছে।

এর আগে, গতকাল মোহাম্মদপুর থানার উপপরিদর্শক (এসআই) মো. মাহিদুল ইসলাম আদালতে একটি আবেদন দাখিল করেন। আবেদনে বলা হয়, বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে বিভিন্ন সময় ও স্থানে নিহত ১১৪ জন নারী-পুরুষকে অজ্ঞাতনামা হিসেবে মোহাম্মদপুরের রায়ের বাজার কবরস্থানে দাফন করা হয়েছিল।

এসআই মাহিদুলের আবেদনে আরও উল্লেখ করা হয়, “ভবিষ্যতে আইনি পদক্ষেপ গ্রহণ ও শহীদদের পরিচয় শনাক্তের স্বার্থে মরদেহগুলো কবর থেকে উত্তোলন করা জরুরি। এ ক্ষেত্রে ফরেনসিক রিপোর্ট ও ডিএনএ প্রোফাইলিং অপরিহার্য।”

আদালত শুনানি শেষে ফৌজদারি কার্যবিধির ১৭৬(২) ধারায় একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগে ঢাকার জেলা ম্যাজিস্ট্রেটকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন।

প্রসঙ্গত, বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে পুলিশের গুলিতে নিহতদের অনেকেই তখন পরিচয়হীন ছিলেন। দ্রুত দাফনের জন্য রায়ের বাজার কবরস্থানে গণকবর দেওয়া হয়। দীর্ঘ এক বছর পর, শহীদদের পরিচয় শনাক্তে এটি প্রথম গুরুত্বপূর্ণ আইনি পদক্ষেপ।

Single Sidebar Banner
  • সর্বশেষ
  • পঠিত