বুধবার, ১ এপ্রিল ২০২৬
Single Top Banner

নোয়াখালীতে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৭ জনের প্রাণহানি

নিজস্ব প্রতিবেদক

নোয়াখালীর বেগমগঞ্জে মর্মান্তিক এক সড়ক দুর্ঘটনায় শিশুসহ একই পরিবারের সাতজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও পাঁচজন। বুধবার (৬ আগস্ট) ভোরে উপজেলার আলাইয়াপুর ইউনিয়নের জগদিশপুর এলাকায় চৌমুহনী-লক্ষ্মীপুর আঞ্চলিক মহাসড়কে মাইক্রোবাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে খালে পড়ে গেলে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন—লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জের পশ্চিম চওপল্লী এলাকার ওমানপ্রবাসী বাহার উদ্দিনের মা মোরশিদা বেগম (৫৫), স্ত্রী কবিতা (২৪), দুই বছরের মেয়ে মিম আক্তার, ভাবি লাবনী আক্তার (৩০), ৮০ বছর বয়সী নানী ফয়জুন্নেসা, ৮ বছরের ভাতিজি রেশমী আক্তার এবং ৯ বছরের লামিয়া। আহতদের মধ্যে রয়েছেন বাহার উদ্দিন, মাইক্রোবাসের চালকসহ আরও তিনজন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, ওমানপ্রবাসী বাহার উদ্দিন দেশে ফেরায় মঙ্গলবার বিকেলে বিমানবন্দর থেকে তাকে আনতে যান তার স্বজনরা। রাতে পরিবারের সদস্যদের নিয়ে মাইক্রোবাসে করে বাড়ির উদ্দেশ্যে রওনা দেন তারা। ভোররাতে চন্দ্রগঞ্জের জগদিশপুর এলাকায় পৌঁছালে মাইক্রোবাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খালে পড়ে যায়। ঘটনাস্থলেই কয়েকজনের মৃত্যু হয় এবং পরে হাসপাতালে নেওয়ার পর বাকিদের মৃত্যু হয়।

চন্দ্রগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোবারক হোসেন ভূঁইয়া জানান, নিহতদের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান।

এই হৃদয়বিদারক দুর্ঘটনায় এলাকাজুড়ে নেমে এসেছে শোকের ছায়া।

Single Sidebar Banner
  • সর্বশেষ
  • পঠিত