বুধবার, ৮ এপ্রিল ২০২৬
Single Top Banner

লোহাগাড়ায় জামায়াত নেতা আবুল কালামের নামাজে জানাজায় সর্বস্তরের মানুষের ঢল

নিজস্ব প্রতিবেদক

লোহাগাড়ায় ইসলামী আন্দোলনের অন্যতম সংগঠক ও জামায়াত নেতা মাওলানা মুহাম্মদ আবুল কালাম ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মঙ্গলবার (৫ আগস্ট) ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ উপলক্ষে লোহাগাড়া উপজেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে আয়োজিত গণমিছিলে অংশগ্রহণ করতে গিয়ে তিনি মৃত্যুবরণ করেন। জানা গেছে, ইন্তেকালের আগে তিনি ওই গণমিছিলে বক্তব্য রাখেন।

মাওলানা আবুল কালাম ছিলেন দক্ষিণ চট্টগ্রামের প্রাচীন ও ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান চুনতি হাকিমিয়া কামিল মাদ্রাসার কামিল ১৯৯১ সালের ব্যাচের কৃতি শিক্ষার্থী। মৃত্যুকালে তিনি পদুয়া আইনুল উলূম কামিল মাদ্রাসায় আরবি বিভাগের সহকারী অধ্যাপক হিসেবে কর্মরত ছিলেন। পাশাপাশি তিনি লোহাগাড়া উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি পদে দায়িত্ব পালন করছিলেন।

দীর্ঘদিন ধরে ফ্যাসিস্ট সরকারের রোষানলে পড়ে তিনি কারাবরণ ও নির্যাতনের শিকার হন। ইসলামী আন্দোলনের একজন একনিষ্ঠ কর্মী ও দায়ী হিসেবে তিনি এলাকায় ব্যাপকভাবে পরিচিত ছিলেন। ধর্মীয় অঙ্গনে তাঁর সক্রিয়তা ছাড়াও তিনি লোহাগাড়ার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের পরিচালনা কমিটির সভাপতি বা সদস্য হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে গেছেন। তাঁর ব্যক্তিত্বে ছিলো সহজ-সরল আচরণ, নম্রতা, ভদ্রতা ও পরোপকারিতা—যা তাঁকে সবার কাছে প্রিয় করে তুলেছিল।

মাওলানা আবুল কালামের ইন্তেকালে এলাকায় গভীর শোকের ছায়া নেমে আসে। বুধবার (৬ আগস্ট) সকাল ৯টায় পদুয়া উচ্চ বিদ্যালয় মাঠে জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় সর্বস্তরের মানুষের ঢল নামে।

জানাজায় উপস্থিত ছিলেন-বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমীর ও সাবেক সংসদ সদস্য মাওলানা আ. ন. ম. শামসুল ইসলাম, কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা মুহাম্মদ শাহজাহান, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সাবেক সংসদ সদস্য আলহাজ্ব শাহজাহান চৌধুরী, চট্টগ্রাম অঞ্চল টিম সদস্য জাফর সাদেক, চট্টগ্রাম মহানগর জামায়াতের ভারপ্রাপ্ত আমীর মুহাম্মদ নজরুল ইসলাম, সেক্রেটারি অধ্যক্ষ নুরুল আমিন, দক্ষিণ জেলা আমীর আনোয়ারুল আলম চৌধুরী, চট্টগ্রাম মহানগর শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি এস. এম. লুৎফুর রহমানসহ জামায়াত ও বিএনপির নেতৃবৃন্দ এবং বিভিন্ন শ্রেণিপেশার মানুষ।

মাওলানা আবুল কালামের মৃত্যুতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করেছেন এবং তাঁর পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। তারা বলেন, মহান আল্লাহ তাআলা যেন মরহুমের ছোট-বড় সব গুনাহ মাফ করে তাঁকে জান্নাতুল ফেরদাউস নসীব করেন এবং তাঁর পরিবার-পরিজনকে ধৈর্য ধারণের তাওফিক দেন।

Single Sidebar Banner
  • সর্বশেষ
  • পঠিত