প্রতিষ্ঠালগ্নের পর প্রথমবারের মতো সরকারি সিটি কলেজ, চট্টগ্রামের অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থীদের নিয়ে ক্যারিয়ার গাইডলাইন ও নবীনবরণ অনুষ্ঠান আয়োজন করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, সরকারি সিটি কলেজ শাখা।
সোমবার (১১ আগস্ট) চট্টগ্রাম নগরীর স্টেশন রোডে হোটেল সৈকতের হল রুমে এই ঐতিহাসিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
কলেজের ইতিহাসে প্রথমবারের মতো অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থীদের জন্য আয়োজিত এই নবীনবরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজ শাখা ছাত্রশিবিরের সভাপতি হামেদ হাসান মিশকাত এবং সঞ্চালনা করেন দেলোয়ার হোসাইন।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি মুহতারাম জাহিদুল ইসলাম। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সম্মানিত প্রক্টর প্রফেসর ড. তানভীর মোহাম্মদ হায়দার আরিফ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক ও চিকিৎসক, নগর জামায়াত মনোনীত চট্টগ্রাম-৯ আসনের সাংসদ পদপ্রার্থী ডা. একেএম ফজলুল হক এবং ছাত্রশিবির চট্টগ্রাম মহানগর দক্ষিণ শাখার সভাপতি ইব্রাহীম হোসেন রনি। এছাড়াও উপস্থিত ছিলেন নগর দক্ষিণ শাখার পরিকল্পনা ও ফাউন্ডেশন সম্পাদক তানভীর মোস্তফা, কলেজ সম্পাদক সাব্বির হুসাইন সাকিব এবং ক্রীড়া ও ছাত্রঅধিকার সম্পাদক মোহাম্মদ ইয়াসিন।
প্রধান অতিথির বক্তব্যে কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম বলেন,“নবীন শিক্ষার্থীদের মাঝে এই অনুভূতি জাগ্রত করা আমাদের উদ্দেশ্য যে—তোমার পরিবার, সমাজ ও দেশের প্রতি দায়িত্ব রয়েছে। জুলাই বিপ্লবের শহীদদের স্বপ্নের দেশ গঠনের দায়িত্ব আমাদের ওপর। ছাত্রশিবিরের ৯০-৯৫% কার্যক্রম পরিচালিত হয় ছাত্রদের ব্যক্তিত্ব গঠন, দক্ষতা উন্নয়ন এবং উন্নত নৈতিক চরিত্র গঠনের লক্ষ্যে।”
প্রধান আলোচক প্রফেসর ড. তানভীর মোহাম্মদ হায়দার আরিফ বলেন,“বাংলাদেশ একটি অপার সম্ভাবনাময়, উর্বর এবং সৌন্দর্যমণ্ডিত ভূমি। ইতিহাসের এই সমৃদ্ধ ভূখণ্ড গঠন করতে হলে আমাদের নিজেদেরকে দক্ষ ও নৈতিক চরিত্রে গড়ে তুলতে হবে।”
বিশেষ অতিথি ডা. একেএম ফজলুল হক শিক্ষার্থীদের ইসলামের সুমহান আদর্শের ভিত্তিতে গড়ে ওঠার আহ্বান জানান এবং দেশ ও জাতির কল্যাণে কাজ করার জন্য প্রস্তুত হওয়ার পরামর্শ দেন।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে নবীন শিক্ষার্থীদের হাতে ইসলামী সাহিত্য, কলমসহ বিভিন্ন উপহার প্রদান করা হয়।


