বান্দরবানে জীববৈচিত্র্য রক্ষা ও গণমাধ্যমের অংশগ্রহণ বাড়াতে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৩ আগস্ট) সকালে বান্দরবান পার্বত্য জেলা পরিষদের সম্মেলন কক্ষে ERRD-CHT-UNDP-এর অধীনে পরিচালিত Biodiversity Ecosystems Restoration for Community Resilience (BERCR) প্রকল্পের উদ্যোগে এ সভা হয়।
সভায় প্রধান অতিথি ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যানের প্রতিনিধি ও সদস্য মাম্যানু মার্মা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধান নির্বাহী কর্মকর্তা নজরুল ইসলাম, নির্বাহী কর্মকর্তা আবুল মনসুর আহমেদ, বিভাগীয় বন কর্মকর্তা মো. আব্দুর রহমান, জেলা পরিষদ সদস্য খামলাই ম্রো এবং ইউএনডিপি জেলা কর্মকর্তা অ্যাডভোকেট খুশী রায় ত্রিপুরা।
বক্তারা বলেন, বান্দরবানের প্রাকৃতিক সম্পদ ও জীববৈচিত্র্য রক্ষায় স্থানীয় গণমাধ্যমকে আরও সক্রিয় হতে হবে। সঠিক তথ্যভিত্তিক প্রতিবেদন ও সচেতনতামূলক প্রচারণা এ কাজে বড় ভূমিকা রাখতে পারে।
প্রকল্প কর্মকর্তারা জানান, BERCR প্রকল্পের মাধ্যমে স্থানীয় জনগণকে সম্পৃক্ত করে জীববৈচিত্র্য সংরক্ষণ, পরিবেশ পুনর্গঠন এবং জলবায়ু সহনশীলতা বৃদ্ধির উদ্যোগ নেওয়া হয়েছে।
সভায় বান্দরবানের প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা অংশ নিয়ে প্রকল্প বাস্তবায়নে তথ্য সরবরাহ ও জনসচেতনতা বৃদ্ধিতে সহযোগিতা করার প্রতিশ্রুতি দেন।


