বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন (বিপিসি) অধীনস্থ প্রতিষ্ঠানে নিযুক্ত দৈনিক ভিত্তিক কর্মচারী ঐক্য পরিষদের আয়োজনে বৃহস্পতিবার (১৪ আগস্ট) দুপুর ১২টায় চট্টগ্রামে মানববন্ধন অনুষ্ঠিত হয়। কর্মসূচিতে অংশ নিয়ে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক ও চট্টগ্রাম মহানগর সভাপতি এস এম লুৎফর রহমান পাঁচ দফা দাবি অবিলম্বে মেনে নেওয়ার আহ্বান জানান।
তিনি বলেন, রাষ্ট্রের এত বড় প্রতিষ্ঠানে শ্রমিকদের উপর যুগের পর যুগ শোষণ চলতে পারে না। “একজন শ্রমিক ২০ বছরের বেশি সময় মাথার ঘাম পায়ে ফেলে কাজ করলেও আজ পর্যন্ত স্থায়ী করা হয়নি—এর চেয়ে বেদনাদায়ক আর কী হতে পারে?” বলেন তিনি।
এস এম লুৎফর রহমান পেট্রোলিয়াম কর্পোরেশন ও সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেন, শ্রমিকদের সঙ্গে বিমাতাসূলভ আচরণ বন্ধ করতে হবে। “আপনারা এসি ঘরে থাকুন, উচ্চ বেতন নিন, এতে আপত্তি নেই, তবে শ্রমিকদের ন্যায্য অধিকারও নিশ্চিত করতে হবে। আমরা আলোচনার পক্ষে, কিন্তু আলোচনার নামে কালক্ষেপণ মেনে নেব না। আজ শান্তিপূর্ণ মানববন্ধন হয়েছে, কিন্তু দাবি না মানলে আগামী দিনে কঠোর কর্মসূচি দেওয়া হবে, এতে প্রতিষ্ঠানের অচলাবস্থা সৃষ্টি হলে এর দায়ভার আপনাদেরই নিতে হবে।”
মানববন্ধনে শ্রমিক দলের চট্টগ্রাম বিভাগীয় সভাপতি এ এম নাজিম উদ্দিন, বিভাগীয় সাধারণ সম্পাদক নুরুল্লা বাহার, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন বিপিসি সেক্টরের সভাপতি আবু নায়ীম সুজন, সাধারণ সম্পাদক আনোয়ার হোসাইনসহ ঐক্য পরিষদের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। কর্মসূচিতে সভাপতিত্ব করেন ঐক্য পরিষদের সভাপতি জামাল উদ্দিন।


