দুর্নীতি দমন কমিশন (দুদক) সাবেক প্রধানমন্ত্রীর তথ্যপ্রযুক্তি উপদেষ্টা সজীব আহমেদ ওয়াজেদ জয় এর বিরুদ্ধে মামলা দায়ের করেছে। বৃহস্পতিবার (১৪ আগস্ট) বিকালে দুদকের মহাপরিচালক (প্রতিরোধ) মো. আক্তার হোসেন এ তথ্য জানান।

দুদকের অনুসন্ধানে ২০০০ থেকে ২০২৫ সালের মধ্যে সজীব ওয়াজেদ জয়ের নামে মোট ৫৪ কোটি ৩৯ লাখ ২০ হাজার ৯৭৮ টাকা স্থাবর সম্পদ অর্জনের তথ্য পাওয়া গেছে। এফডিআর, আসবাবপত্র, নগদ ও ব্যাংক স্থিতিসহ ৬ কোটি ৭৮ লাখ ৮৪ হাজার ৮৯১ টাকার অস্থাবর সম্পদ অর্জনের তথ্যও রয়েছে। তার স্থাবর ও অস্থাবর সম্পদের মোট পরিমাণ দাঁড়ায় ৬১ কোটি ১৮ লাখ ৫ হাজার ৮৬৯ টাকা।
দুদকের বিশ্লেষণ অনুযায়ী, তার গ্রহণযোগ্য আয় ১ কোটি ৩২ লাখ ৮ হাজার ৫৪২ টাকা। এই আয় বাদ দিলে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদের পরিমাণ দাঁড়ায় ৬০ কোটি ১৪ লাখ ৭৩ হাজার ৯৭০ টাকা।
মহাপরিচালক আক্তার হোসেন বলেন, “সজীব ওয়াজেদ জয় পাবলিক সার্ভেন্ট হিসেবে দায়িত্ব পালনকালে ক্ষমতার অপব্যবহার করে অসৎ উদ্দেশ্যে সম্পদ অর্জন করেছেন। হুন্ডি ও অন্যান্য মাধ্যমে অর্থ পাচার করে আমেরিকায় দুটি বাড়ি কিনেছেন, যার মূল্য ৫৪ কোটি ৪ লাখ ৩২ হাজার ২৫৮ টাকা। এছাড়াও তিনি নিজ নামে দুটি ব্যাংক হিসাবের মাধ্যমে ৫৭ কোটি ৫০ লাখ ৫৪ হাজার ৩১৫ টাকার সন্দেহজনক লেনদেন করেছেন।”
এ ঘটনায় দুদকের সহকারী পরিচালক এ কে এম মর্তুজা আলী সাগর মামলাটি দায়ের করেন। মামলাটি দুদক আইন ও মানি লন্ডারিং প্রতিরোধ আইনের আওতায় শাস্তিযোগ্য অপরাধ হিসেবে বিবেচিত হচ্ছে।


