আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসিরে কুরআন ড. মিজানুর রহমান আজহারী ফেসবুকে আবেগঘন পোস্টে বলেন, আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদী রহিমাহুল্লাহ-র অনন্য খিদমাহ জাতি যুগ যুগ স্মরণ করবে। বৃহস্পতিবার (১৪ আগস্ট) সন্ধ্যায় নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে তিনি এই বার্তা প্রকাশ করেন।

আজ ১৪ আগস্ট আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদীর দ্বিতীয় মৃত্যুবার্ষিকী। ২০২৩ সালের এদিনে রাত ৮টা ৪০ মিনিটে ঢাকার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে তিনি ইন্তেকাল করেন।
তবে মৃত্যুর পর কিছু রাজনৈতিক ও মানবাধিকার নেতারা চিকিৎসায় অবহেলার অভিযোগ তুলেছেন। বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির ও সাবেক এমপি অধ্যাপক মুজিবুর রহমান সাঈদীকে সম্পূর্ণ নির্দোষ উল্লেখ করে তার চিকিৎসায় অবহেলার মাধ্যমে মৃত্যুর অভিযোগ তুলেছেন। এছাড়া জামায়াত ইসলামের আমির ডা. শফিকুর রহমান দাবি করেন, পিজি হাসপাতালের প্রিজন সেলে চিকিৎসার অবহেলার কারণে সাঈদীর মৃত্যু হয়।
জামায়াতের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে, হাসপাতালে ডাক্তার ও কর্তৃপক্ষ যথাযথ পদক্ষেপ নেননি, তার সন্তান ও স্ত্রীকে সাক্ষাৎ করতে দেওয়া হয়নি। জানাজা আদায়কালে পুলিশ তৌহিদী জনতার ওপর কাঁদানে গ্যাস, সাউন্ড গ্রেনেড ও গুলি চালিয়ে শত শত মানুষ আহত হন। পরে আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদীর লাশ তার পিরোজপুর গ্রামের বাড়িতে পৌঁছে জানাজা ও দাফন সম্পন্ন হয়।
ড. মিজানুর রহমান আজহারী ফেসবুকে লেখেন, “আল্লামা সাঈদী রহিমাহুল্লাহ-র অনন্য খিদমাহ জাতি যুগ যুগ স্মরণ করবে। আল্লাহ তাআলা তার পবিত্র কালামের একনিষ্ঠ এই বাণী বাহককে জান্নাতের সর্বোচ্চ মাকাম দান করুন।”
তার পোস্টে অনেকেই মন্তব্য করেন। ফেসবুক ব্যবহারকারী মো. সোলাইমান কবির মাসুম লিখেছেন, “শহীদ আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদীর জীবন কর্ম ও কুরআনের তাফসির নিয়ে যত বেশি সেমিনার ও আলোচনা সভা হবে, প্রজন্ম হতে প্রজন্ম উনার জীবন ও কর্ম সম্পর্কে জানতে পারবে।”
অন্যজন রিয়াদ আহসান রানা লিখেছেন, “আল্লাহ সুবহানাহু ওয়াতাআলা প্রিয় আল্লামাকে জান্নাতুল ফেরদৌসের সর্বোচ্চ স্থানে সন্মানিত করুন-আমিন। যারা আল্লামাকে নিয়ে মিথ্যা অপবাদ দিয়েছে তাদের হেদায়েত দান করুন।”


