বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরীর (সাকা চৌধুরী) ছেলে হুম্মাম কাদের চৌধুরী জানিয়েছেন, যদি প্রধানমন্ত্রী শেখ হাসিনা চাইতেন, তাহলে তার বাবা এক গুলিতে নিহত হতেন। তবে তার লক্ষ্য এমন কিছু করা ছিল না। বরং তার লক্ষ্য ছিল বাবার রাজনীতির লিগ্যাসি ধ্বংস করা।

বৃহস্পতিবার (১৪ আগস্ট) বিকাল ৩টায় রাজধানীর ধানমন্ডিতে সালাউদ্দিন কাদের চৌধুরীর বাসায় এক সংবাদ সম্মেলনে তিনি এই মন্তব্য করেন। এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন তার মা, বড় ভাই ফয়সাল কাদের চৌধুরী এবং বোন।
হুম্মাম কাদের বলেন, “আমার বাবা যেহেতু একজন ন্যাশনালিস্ট হিসেবে পরিচিত ছিলেন, তাই তার চিন্তাধারাকে তারা ধ্বংস করতে চেয়েছিল।”
তিনি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল (আইসিটিটিএ) সম্পর্কেও মন্তব্য করেন। বলেন, “আইসিটিটিএ আসলে কোনো কোর্ট নাকি সেটা প্রমাণ করার জন্য আমরা বহু বছর ধরে লড়াই করেছি এবং সক্ষমও হয়েছি। তৎকালীন আইনমন্ত্রী কিংবা বিচারপতিদের প্রশ্ন করা হলে তারা গোলপোস্টের মতো প্রতিক্রিয়া দেখাত। এক সময় বলত এটি আন্তর্জাতিক আদালত, আবার বিদেশিরা প্রশ্ন করলে বলত এটা ডোমেস্টিক ট্রাইব্যুনাল।”
হুম্মাম কাদের ট্রাইব্যুনালকে প্রশ্নবিদ্ধ হিসেবে উল্লেখ করে বলেন, যারা তার বাবাকে হত্যা করেছে, তাদের বিচার দাবি করেন তিনি।


