চট্টগ্রাম, ১৫ আগস্ট ২০২৫ — স্বাধীনতা, গণতন্ত্র ও শহীদদের ত্যাগকে শ্রদ্ধা জানিয়ে শুক্রবার বিকাল ৩টায় চট্টগ্রাম প্রেসক্লাবের জুলাই স্মৃতি হলে অনুষ্ঠিত হয়েছে “নতুন বাংলাদেশ সম্মাননা ২০২৫”। আয়োজক ছিল এন্টি-ফ্যাসিস্ট এলায়েন্স (আফা) এবং সার্বিক সহযোগিতায় লাভ বাংলাদেশ পার্টি।

এনসিপি চট্টগ্রাম মহানগরের যুগ্ম সমন্বয়ক রাফসান জনির সঞ্চালনায় শুরু হওয়া এ আয়োজনে পবিত্র কুরআন তেলাওয়াতের পর মঞ্চে অবস্থান নেন জুলাই শহীদ পরিবারের সদস্যরা। বিশেষ সম্মানিত অতিথি হিসেবে তারাই বিভিন্ন ব্যক্তিত্ব ও সংগঠনের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন। শহীদ ওয়াসিম আকরাম, শহীদ ফারুক, শহীদ ফয়সাল আহমেদ শান্ত, শহীদ মো: জামাল, শহীদ ইশমামুল হক, শহীদ ইউসুফ, শহীদ ওমর বিন আবসার, শহীদ মাহবুবুল হাসান, শহীদ শহিদুল ইসলাম ও শহীদ মো: আলম— এই ১০ শহীদের অবদানের স্বীকৃতিস্বরূপ প্রদান করা হয় বিশেষ “শহীদদের ক্রেস্ট”।
মাল্টিমিডিয়া ও প্রিন্ট মিডিয়ার দুই প্রতিনিধি সংবাদ মাধ্যমের অবদানের জন্য সম্মাননা লাভ করেন। এছাড়া বিশেষ সম্মাননা পান লাভ বাংলাদেশ পার্টির প্রেসিডেন্ট মিজানুর রহমান চৌধুরী, সমাজকর্মী ও মিডিয়া ব্যক্তিত্ব লায়ন সাজ্জাদ উদ্দিন ও নুরুল কবির, দৈনিক আমাদের চট্টগ্রামের প্রধান প্রতিবেদক মুনীর চৌধুরী, চবি ছাত্রদলের সাবেক সভাপতি মিল্টন চৌধুরী, মানবাধিকার কর্মী ও ভয়েডের প্রতিষ্ঠাতা মাশরুর আনোয়ার চৌধুরী এবং ইরফাত ইব্রাহিম।
সংগঠন সম্মাননা পায় ছাত্র ফেডারেশন (গণসংহতি), স্টুডেন্টস এলায়েন্স ফর ডেমোক্রেসি (SAD), বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ (বাগছাস), বাংলাদেশ ইসলামি ছাত্রশিবির, জাতীয়তাবাদী ছাত্রদল, বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ, ইসলামি ছাত্র আন্দোলন, ছাত্র ফেডারেশন (মুক্তি কাউন্সিল), পুনাব, পুসাব, জানাপা, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও আপ বাংলাদেশ। সাংস্কৃতিক ক্ষেত্রে অবদানের জন্য বাহাছ ও জুলাই রেকর্ডস সম্মাননা লাভ করে। এছাড়া জেনেটিক সম্মাননা ক্রেস্ট দেওয়া হয় নারী যোদ্ধা, দুইজন মাদরাসা শিক্ষার্থী, একজন আইনজীবী এবং “অবদান” শীর্ষক আরও দুই ব্যক্তিকে।
অনুষ্ঠানে বক্তারা শহীদদের ত্যাগ ও আদর্শকে শ্রদ্ধার সাথে স্মরণ করে ন্যায়ভিত্তিক, বৈষম্যমুক্ত ও ফ্যাসিবাদমুক্ত নতুন বাংলাদেশ গড়ার শপথ নেন। আয়োজক এন্টি-ফ্যাসিস্ট এলায়েন্স (আফা) ও সহযোগী লাভ বাংলাদেশ পার্টি ভবিষ্যতেও এ ধরনের উদ্যোগ অব্যাহত রাখার ঘোষণা দেয়।

