ফিফা ক্লাব বিশ্বকাপ জয়ের বোনাসের একটি অংশ আর্থিক অনুদান হিসেবে প্রয়াত ডিয়োগো জোটা ও আন্দ্র্রে সিলভার পরিবারকে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ইংলিশ প্রিমিয়ার লিগের দল চেলসি।
দ্য অ্যাথলেটিকের প্রতিবেদনে জানা যায়, গত ১৪ জুলাই নিউজার্সির মেটলাইফ স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে প্যারিস সেন্ট জার্মেইকে (পিএসজি) ৩-০ গোলে হারিয়ে প্রথমবারের মতো ৩২ দল নিয়ে আয়োজিত ক্লাব বিশ্বকাপের শিরোপা জেতে চেলসি। চ্যাম্পিয়ন হিসেবে ক্লাবটি মোট ৮৭ মিলিয়ন পাউন্ড পুরস্কার পায়।
চেলসি ও দলের খেলোয়াড়রা সম্মিলিতভাবে সিদ্ধান্ত নিয়েছেন, খেলোয়াড়দের বোনাস হিসেবে পাওয়া ১১ দশমিক ৪ মিলিয়ন পাউন্ড জোটা ও সিলভার পরিবারকে অনুদান হিসেবে প্রদান করা হবে।
গত ৩ জুলাই স্পেনের জামোরা প্রদেশে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় প্রাণ হারান লিভারপুলের পর্তুগিজ ফরোয়ার্ড জোটা ও তার ভাই সিলভা। ২০১৯ সালে জাতীয় দলে অভিষেকের পর ৪৯ ম্যাচে ১৪ গোল করেন জোটা। লিভারপুলের হয়ে ১২৩ ম্যাচে তার গোল সংখ্যা ৪৭। গত মৌসুমে প্রিমিয়ার লিগ জয়ে অবদান রাখেন তিনি।
জোতার ভাই আন্দ্র্রে সিলভা পর্তুগালের নিচের সারির বিভাগে পেনাফিয়েলের হয়ে খেলতেন।


