চট্টগ্রামের চান্দগাঁও এলাকায় খাল থেকে হারুন (৪০) নামে এক স্কেভেটর চালকের লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার বিকেল সাড়ে ৫টার দিকে মোহরা এলাকার কাজির হাট বাজার সংলগ্ন খাল থেকে লাশটি উদ্ধার করা হয়।
মোহরা পুলিশ বক্সের ইনচার্জ (এসআই) আজিজুল হক জানান, নিহত হারুনের বাড়ি নোয়াখালী। তিনি পেশায় স্কেভেটর চালক। তার পরিবার পুলিশের সঙ্গে যোগাযোগ রেখেছে। বিস্তারিত পরে জানানো হবে।
প্রত্যক্ষদর্শী স্থানীয় এক দোকানদার জানান, বৃহস্পতিবার (১৪ আগস্ট) দিবাগত রাত ২টার দিকে বৃষ্টিতে একটি স্কেভেটর উল্টে যায়। ঘটনাটি ফায়ার সার্ভিসকে জানানো হলেও উদ্ধার অভিযান চালানো হয়নি। শুক্রবার বিকেলে লাশটি খালে ভেসে ওঠে।
চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহেদুল কবির বলেন, লাশটি ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে।


