রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন যদি ইউক্রেন যুদ্ধ বন্ধে রাজি না হন, তবে রাশিয়ার জন্য পরিণতি হবে শাস্তিমূলক নিষেধাজ্ঞা— এমন হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
শুক্রবার (১৫ আগস্ট) অ্যাঙ্কোরেজে শীর্ষ সম্মেলনে যোগ দিতে যাওয়ার পথে এয়ার ফোর্স ওয়ানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ সতর্কবার্তা দেন।
ট্রাম্প বলেন, “আমি আমার স্বার্থের জন্য এটি করছি না। আমার এর প্রয়োজন নেই। আমি আমাদের দেশের ওপর মনোযোগ দিতে চাই, তবে অনেক জীবন বাঁচানোর জন্যই এটি করছি।”
মার্কিন প্রেসিডেন্ট জানান, পুতিন তার সঙ্গে বাণিজ্য আলোচনার প্রস্তাব দিয়েছেন, তবে ইউক্রেন যুদ্ধ বন্ধে শান্তি আলোচনা হলেই কেবল সেই আলোচনা সম্ভব হবে।
তিনি আরও বলেন, “আমি লক্ষ্য করেছি, তিনি রাশিয়া থেকে অনেক ব্যবসায়ীকে নিয়ে আসছেন— এটা ভালো। আমি এটা পছন্দ করি, কারণ তারা ব্যবসা করতে চায়। কিন্তু যুদ্ধের সমাধান না হওয়া পর্যন্ত তারা ব্যবসা করবে না।”


