জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের বলেছেন, সংখ্যালঘু-সংখ্যাগুরু একটি ভুল বিভাজন, আমরা সবাই মানুষ, এখানে কোনো বিভাজনের প্রয়োজন নেই। জামায়াতে ইসলামী প্রতিষ্ঠার পর থেকে সব ধর্মের মানুষের কল্যাণে কাজ করছে, যা প্রতিটি ধর্মেরই আহ্বান।
শুক্রবার বিকেলে কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলা জামায়াত আয়োজিত ভিন্ন ধর্মাবলম্বীদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জন্মাষ্টমী উপলক্ষে তিনি হিন্দু সম্প্রদায়কে শুভেচ্ছা জানান।
ডা. তাহের বলেন, “জামায়াত পরিচয়ে কেউ যদি ভিন্ন ধর্মাবলম্বীদের নির্যাতন বা হয়রানি করে, তার বিরুদ্ধে অভিযোগ দিন। আমরা শুধু তাকে বহিষ্কার করব না, তার বিরুদ্ধে সর্বাত্মক ব্যবস্থা নেব। আপনারা কোনো ভয় পাবেন না, আমরা আছি আপনাদের নিরাপত্তায়। চৌদ্দগ্রামকে একটি সম্প্রীতির উপজেলা হিসেবে গড়ে তুলতে কাজ করব।”
সভায় চৌদ্দগ্রাম উপজেলা জামায়াতের আমির মাহফুজুর রহমানের সভাপতিত্বে ও সেক্রেটারি বেলাল হোসাইনের সঞ্চালনায় বক্তব্য দেন পৌর জামায়াতের আমির মুহাম্মদ ইব্রাহীম, জামায়াত নেতা আব্দুর রহিম, ইয়াছিন মজুমদার, জয়নাল আবেদীন পাটোয়ারী, দীপংকর চক্রবর্তী, শ্যামল সুর, রায় মোহন সূত্রধর, বলরাম কর্মকার ও বসু দেবনাথ প্রমুখ।


