বুধবার, ১ এপ্রিল ২০২৬
Single Top Banner

চট্টগ্রামে তারকাদের ছবিতে জুতা নিক্ষেপ কর্মসূচি

নিজস্ব প্রতিবেদক :

১৫ আগস্টে শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকীতে তাঁকে স্মরণ করে সামাজিক যোগাযোগমাধ্যমে শোক ও শ্রদ্ধা জানানোয় ক্ষোভ প্রকাশ করেছে ছাত্র-জনতা। এর অংশ হিসেবে চট্টগ্রামের চেরাগী পাহাড় চত্বরে শনিবার বিকেল ৫টার দিকে শেখ হাসিনা, রাজনৈতিক নেতা এবং সাংস্কৃতিক ও ক্রীড়া ব্যক্তিদের ছবিতে জুতা নিক্ষেপ করা হয়। কর্মসূচির ব্যানারে লেখা ছিল— ‘কালচারাল ফ্যাসিস্টদের জুতা নিক্ষেপ করুন।’

যাদের ছবিতে জুতা নিক্ষেপ করা হয় তাদের মধ্যে ছিলেন শেখ হাসিনা, ড. হাছান মাহমুদ, আজম নাছির, মহিবুল হাসান চৌধুরী নওফেল, হেলাল আকবর চৌধুরী বাবর, গায়ক লিঙ্কন (আর্টসেল), রাহুল আনন্দ, ক্রিকেটার ও সাবেক এমপি সাকিব আল হাসান, অভিনেতা শাকিব খান, চঞ্চল চৌধুরী, জয়া আহসান, মেহের আফরোজ শাওন, শমী কায়সার, অরুণা বিশ্বাস, সাজু খাদেম, নাজিফা তুষি, মুমতাহিনা টয়া, পিয়া জান্নাতুল, সুনেরাহ বিনতে কামাল প্রমুখ। কর্মসূচি চলাকালে শেখ মুজিবুর রহমানের ছবিতেও জুতা নিক্ষেপ করা হয়।

এ সময় স্লোগান ওঠে— “জয়া আহসানের দুই গালে, জুতা মারো তালে তালে”, “চঞ্চলের দুই গালে, জুতা মারো তালে তালে” এবং “শাকিব খানের দুই গালে, জুতা মারো তালে তালে।”

জুতা নিক্ষেপ করা মো. রাজু বলেন, ১৫ আগস্ট ২০২৪ সালে শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে গেলে এ তারকারা নীরব ছিলেন। অথচ এবার ১৫ আগস্টে ফেসবুকে পোস্ট দিয়ে আওয়ামী লীগকে ‘নরমালাইজ’ করতে চাইছেন। তার অভিযোগ, মুজিবকে ঢাল বানিয়ে আবার ফ্যাসিবাদ ফিরিয়ে আনার চেষ্টা চলছে।

অংশগ্রহণকারীরা বলেন, গত ১৬ বছর সরকার শুধু রাজনৈতিক ও অর্থনৈতিক নয়, সাংস্কৃতিক ফ্যাসিজমও কায়েম করেছিল। জুলাইয়ের গণ-অভ্যুত্থানে ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশ প্রতিষ্ঠিত হয়েছে। অথচ কিছু সাংস্কৃতিক ব্যক্তিত্ব আবার সেই বাকশালি ও মুজিববাদী বয়ান ফিরিয়ে আনতে চাইছে। তাই এর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলা হয়েছে।

Single Sidebar Banner
  • সর্বশেষ
  • পঠিত