বৃহস্পতিবার, ২ এপ্রিল ২০২৬
Single Top Banner

নাইক্ষ্যংছড়িতে ড্রাগন বাগান থেকে রোহিঙ্গা যুবকের গলাকাটা লাশ উদ্ধার

নাইক্ষ্যংছড়ি প্রতিনিধি :

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের কচুবনিয়া এলাকায় একটি ড্রাগন বাগান থেকে নুরুল আবছার (২২) নামে এক রোহিঙ্গা যুবকের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ।

রবিবার (১৭ আগস্ট) দুপুরে কুমির প্রজনন কেন্দ্র সংলগ্ন ওই বাগান থেকে লাশটি উদ্ধার করা হয়। নিহত নুরুল আবছার কক্সবাজারের উখিয়ার ১৮ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের জি ব্লকের বাসিন্দা জাফর আলমের ছেলে। তিনি পেশায় অটোরিকশা চালক ছিলেন।

পরিবার সূত্রে জানা গেছে, শনিবার সকালে অটোরিকশা নিয়ে বাড়ি থেকে বের হয়েছিলেন আবছার। এরপর থেকে তার কোনো খোঁজ মেলেনি। রাতভর মোবাইলে যোগাযোগের চেষ্টা করেও ব্যর্থ হন স্বজনেরা। খোঁজাখুঁজি চলতে থাকলেও কোনো সন্ধান মেলেনি। অবশেষে রবিবার সকালে স্থানীয়রা ড্রাগন বাগানে তার গলাকাটা মরদেহ দেখতে পান এবং পুলিশকে খবর দেন।

পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে। তবে ঘটনাস্থল থেকে নিহতের অটোরিকশা ও মোবাইল ফোন পাওয়া যায়নি। স্থানীয়দের ধারণা, ছিনতাইকারীদের কবলেই এ হত্যাকাণ্ড ঘটতে পারে।

এ বিষয়ে নাইক্ষ্যংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসরুরুল হক বলেন, “কে বা কারা এ হত্যাকাণ্ড ঘটিয়েছে, তা নিশ্চিত করে বলা যাচ্ছে না। তদন্ত চলছে।”

ঘুমধুম পুলিশ ফাঁড়ির ইনচার্জ জাফর ইকবাল বলেন, “নিহতের গলায় ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এটি পরিকল্পিত হত্যাকাণ্ড।”

Single Sidebar Banner
  • সর্বশেষ
  • পঠিত