বুধবার, ১ এপ্রিল ২০২৬
Single Top Banner

বিয়ের দাবিতে তরুণীর বাড়ির সামনে বৃদ্ধের অনশন

নিজস্ব প্রতিবেদক

পিরোজপুরের মঠবাড়িয়ায় বিয়ের দাবিতে এক নারীর বাড়ির সামনে অনশন করেছেন ৭৫ বছরের এক বৃদ্ধ। তার অভিযোগ, ওই নারী বিয়ের প্রতিশ্রুতি দিয়ে তার কাছ থেকে টাকা নিলেও পরে যোগাযোগ বন্ধ করে দেন।

শনিবার (১৬ আগস্ট) উপজেলার বড়মাছুয়া ইউনিয়নের ঠুটাখালী গ্রামে এ ঘটনা ঘটে। অনশনকারী আবুল কাসেম মুন্সি (৭৫) উপজেলার পশ্চিম মিঠাখালী গ্রামের মৃত আজাহার আলী মুন্সির ছেলে।

আবুল কাসেমের দাবি, স্ত্রী মারা যাওয়ার পর তিনি পুনর্বিবাহের সিদ্ধান্ত নেন। দুই মাস আগে পরিচয়ের সূত্র ধরে ওই নারীর বিয়ের প্রস্তাবে রাজি হন তিনি। এ সময় বিয়ের কথা বলে ওই নারী তার কাছ থেকে প্রায় ৩৫ থেকে ৪০ হাজার টাকা নেন। পরে তিনি হঠাৎ যোগাযোগ বন্ধ করে দেন। শনিবার কাসেম তার আসল বাড়ি খুঁজে পেয়ে বিয়ে বা টাকা ফেরতের দাবিতে অনশনে বসেন।

স্থানীয়দের অভিযোগ, ওই নারী আগেও একাধিক পুরুষকে প্রতারণার মাধ্যমে টাকা আত্মসাৎ করেছেন। তারা দাবি করেন, এমন প্রতারণার পুনরাবৃত্তি ঠেকাতে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত।

তবে ঘটনার পরপরই ওই নারী আত্মগোপনে চলে যান। বিষয়টি নিয়ে এলাকায় ব্যাপক আলোচনা-সমালোচনা চলছে।

ঠুটাখালী গ্রামের ইউপি সদস্য পলাশ ফকির জানান, উভয়েরই একাধিক বিয়ের ইতিহাস রয়েছে। বর্তমানে বৃদ্ধ অনশন ভেঙেছেন। এরপর তাদের বিষয়ে আর কোনো খবর পাওয়া যায়নি।

এ বিষয়ে মঠবাড়িয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবদুল কাইয়ূম বলেন, এ ধরনের কোনো অভিযোগ তার কাছে আসেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Single Sidebar Banner
  • সর্বশেষ
  • পঠিত