বুধবার, ১ এপ্রিল ২০২৬
Single Top Banner

বাংলাদেশ যেন কখনও মৌলবাদের অভয়ারণ্য না হয়: তারেক রহমান

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশ যেন কখনও চরমপন্থা বা মৌলবাদের অভয়ারণ্য না হয়—এই প্রত্যাশার কথা জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

রোববার জাতীয় প্রেস ক্লাবে ‘গণতন্ত্রে উত্তরণে কবি সাহিত্যিকদের ভূমিকা ও করণীয়’ শীর্ষক এক মতবিনিময় অনুষ্ঠানে তিনি বলেন, “যে স্বৈরাচারকে বাংলাদেশের মানুষ কিছুদিন আগে বিতাড়িত করেছে, তার পুনর্জাগরণ প্রতিহত করতে আমরা প্রতিজ্ঞাবদ্ধ।”

গণতন্ত্র প্রতিষ্ঠায় অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের পক্ষে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, “এই দেশের মালিক জনগণ। তাদের ভোটাধিকার প্রতিষ্ঠার মাধ্যমেই জবাবদিহিমূলক অবস্থা তৈরি করা সম্ভব।”

কবি-সাহিত্যিকদের উদ্দেশে তারেক রহমান বলেন, বাকস্বাধীনতা ও মতপ্রকাশের অধিকার রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। তিনি আরও বলেন, রাজনৈতিক মতাদর্শ ভিন্ন হতে পারে, তবে দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্র রক্ষার প্রশ্নে সবাইকে এক থাকতে হবে।

অনুষ্ঠানে কবিতা পরিষদের সভাপতি কবি মোহন রায়হানের সভাপতিত্বে বক্তব্য দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ, ভাইস চেয়ারম্যান নুরুল ইসলাম মনি, মিডিয়া সেলের আহ্বায়ক মওদুদ হোসেন আলমগীর পাভেল, আমাদের সময়ের সম্পাদক আবু সাঈদ খানসহ কবি-সাহিত্যিকরা।

Single Sidebar Banner
  • সর্বশেষ
  • পঠিত