সাড়ে ৫ মাস বন্ধ থাকার পর দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে পেঁয়াজ আমদানি শুরু হয়েছে। রোববার বিকেল সাড়ে ৪টায় দুটি ভারতীয় ট্রাকে ৫৯ টন ইন্দোর জাতের পেঁয়াজ বন্দরে প্রবেশ করে। বিষয়টি নিশ্চিত করেছেন হিলি কাস্টমসের রাজস্ব কর্মকর্তা নিজাম উদ্দিন।
মেসার্স সততা বাণিজ্যালয় (হিলি) ও জগদীশ চন্দ্র বসু ট্রেডার্স (নওগাঁ) নামের দুটি প্রতিষ্ঠান পেঁয়াজগুলো আমদানি করেছে।
আমদানিকারকরা জানান, প্রতি কেজি পেঁয়াজ আমদানিতে খরচ পড়েছে ৫৬ থেকে ৫৮ টাকা। তারা পাইকারদের কাছে বিক্রি করছেন কেজিপ্রতি ৬০ টাকায়। আমদানির খবর ছড়িয়ে পড়ায় দেশের বিভিন্ন স্থান থেকে পাইকারি ক্রেতারা ইতোমধ্যে বন্দরে ভিড় করেছেন।
রাজস্ব কর্মকর্তা নিজাম উদ্দিন জানান, প্রতি টন পেঁয়াজের এলসি মূল্য নির্ধারণ করা হয়েছে ৪১০ ডলার। এর ওপর ১০ শতাংশ হারে শুল্ক আরোপ করা হচ্ছে। ফলে টাকায় দাঁড়াচ্ছে কেজিপ্রতি প্রায় ৫৫ টাকা ২৭ পয়সা।
হিলি স্থলবন্দরের উদ্ভিদ সংগনিরোধ কেন্দ্রের উপ-সহকারী ইউসুফ আলী বলেন, এ পর্যন্ত পাঁচটি আমদানিকারক প্রতিষ্ঠান ১৫০ টন পেঁয়াজ আমদানির অনুমতি পেয়েছে। চলতি বছরের ৩ মার্চ আইপি (আমদানির অনুমতি) মেয়াদ শেষ হওয়ায় এতদিন আমদানি বন্ধ ছিল। নতুন আইপি অনুমতি পাওয়ায় আবারও আমদানি শুরু হলো।


