বুধবার, ১ এপ্রিল ২০২৬
Single Top Banner

ওয়াকিটকিতে কমিশনারের নির্দেশনা ফাঁস: সিএমপির কনস্টেবল গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রাম নগর পুলিশের (সিএমপি) টেলিকম ইউনিটের কনস্টেবল অমি দাশকে ওয়াকিটকিতে কমিশনারের দেওয়া বক্তব্য ফাঁস করার অভিযোগে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার রাতে খুলশী থানা পুলিশ তাঁকে গ্রেপ্তার করে। বিষয়টি নিশ্চিত করেছেন সিএমপির অতিরিক্ত উপকমিশনার (গণমাধ্যম) মাহমুদা বেগম।

অমি দাশ প্রেষণে সিএমপির খুলশী থানায় কর্মরত ছিলেন। তার বিরুদ্ধে অভিযোগ, সিএমপি কমিশনার হাসিব আজিজের দেওয়া একটি গোপন বার্তা ফাঁস হওয়ার ঘটনায় তিনি জড়িত।

১১ আগস্ট রাতে নগরের সল্টগোলা ক্রসিং এলাকায় আওয়ামী লীগের বিক্ষোভ মিছিলে পুলিশের ওপর হামলার ঘটনা ঘটে। এতে বন্দর থানার উপপরিদর্শক (এসআই) আবু সাঈদ গুরুতর আহত হন। এর পরদিন (১২ আগস্ট) কমিশনার ওয়াকিটকির মাধ্যমে সিএমপির সব সদস্যকে সতর্ক বার্তা দেন। ওই বার্তায় তিনি অস্ত্রধারীদের দেখামাত্র গুলি চালানোর নির্দেশ দেন।

কমিশনারের বক্তব্যের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তা নিয়ে সমালোচনার ঝড় ওঠে এবং পুলিশ প্রশাসনের ভেতরেও অস্বস্তি তৈরি হয়। কে বা কারা এ ভিডিও ফাঁস করেছেন, তা খুঁজতে তদন্তে নামে পুলিশ। তদন্তে কনস্টেবল অমি দাশের সম্পৃক্ততার প্রমাণ পাওয়ার পর তাঁকে গ্রেপ্তার করা হয়।

কমিশনার তার নির্দেশনায় পুলিশ সদস্যদের বলেন, আগ্নেয়াস্ত্র ও লাইভ অ্যামুনিশন ছাড়া কোনো টহল বা প্যাট্রোল টিম মাঠে নামবে না। শুধু রাবার বুলেট দিয়ে পরিস্থিতি মোকাবিলা সম্ভব নয়। অস্ত্রধারীরা আক্রমণ করলে সঙ্গে সঙ্গে গুলি চালাতে হবে। আত্মরক্ষার আইন অনুযায়ী পুলিশের এই অধিকার রয়েছে বলেও তিনি উল্লেখ করেন।

Single Sidebar Banner
  • সর্বশেষ
  • পঠিত