বুধবার, ১ এপ্রিল ২০২৬
Single Top Banner

মহারাজের স্পিন-জাদুতে লণ্ডভণ্ড অস্ট্রেলিয়া

নিজস্ব প্রতিবেদক :

বড় লক্ষ্য তাড়া করতে নেমে শুরুটা ভালোই হয়েছিল অস্ট্রেলিয়ার। তবে এরপরই ব্যাটিং বিপর্যয়ে পড়ে স্বাগতিকরা। সেই ধাক্কা আর সামলে উঠতে পারেনি সাবেক বিশ্ব চ্যাম্পিয়নরা। কেশভ মহারাজের ঘূর্ণিতে কাবু হয়ে ৯৮ রানের বড় ব্যবধানে হার মানে অজিরা। ওয়ানডে সিরিজে দারুণ সূচনা করল সফরকারী দক্ষিণ আফ্রিকা।

কেয়ার্নসে টস জিতে আগে ব্যাট করে নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেটে ২৯৬ রান তোলে দক্ষিণ আফ্রিকা। দলের পক্ষে সর্বোচ্চ ৮২ রান করেন এইডেন মার্করাম। ৮১ বলের ইনিংসে ছিল ৯টি চারের মার। ৬৫ রান করেন অধিনায়ক টেম্বা বাভুমা। ম্যাথু ব্রিটজকে করেন ৫৭ রান। এছাড়া রায়ান রিকেলটন ৩৩ ও উইয়ান মুল্ডার ৩১ রানের গুরুত্বপূর্ণ ইনিংস খেলেন। অস্ট্রেলিয়ার হয়ে সবচেয়ে সফল বোলার ছিলেন ট্রাভিস হেড। তিনি ৯ ওভারে ৫৭ রানে নেন ৪টি উইকেট। বেন দারসুইস ২টি উইকেট নেন ৫৩ রান দিয়ে।

জবাবে ব্যাট করতে নেমে শুরুটা দারুণ করে অস্ট্রেলিয়া। উদ্বোধনী জুটিতে ৬০ রান তোলেন ট্রাভিস হেড ও মিচেল মার্শ। তবে হেড ২৭ রানে আউট হলে শুরু হয় ধস। একে একে ফিরতে থাকেন মার্নাস লাবুশান, ক্যামেরুন গ্রিন, জস ইংলিস, অ্যালেক্স ক্যারি ও অ্যারন হার্ডিরা। দলীয় ৮৯ রানে অস্ট্রেলিয়া হারায় ৬টি উইকেট। একপ্রান্ত আগলে রাখা মার্শ চেষ্টা করেন ইনিংস মেরামতের, তবে দলের বিপর্যয় ঠেকাতে পারেননি তিনিও। ৮৮ রানের ইনিংস খেলে তিনিও ফেরেন সাজঘরে। দ্বিতীয় সর্বোচ্চ ৩৩ রান করেন দারসুইস। এরপর আর কেউই দুই অঙ্কের ঘরে পৌঁছাতে পারেননি, কেবল নাথান এলিস করেন ১৪ রান।

দক্ষিণ আফ্রিকার হয়ে ম্যাচসেরা বোলিং করেন কেশভ মহারাজ। তিনি মাত্র ৩৩ রানে শিকার করেন ৫টি উইকেট। দুটি করে উইকেট নেন নান্দ্রে বার্গার ও লুঙ্গি এনগিদি। ৪০.৫ ওভারে ১৯৮ রানে অলআউট হয় অস্ট্রেলিয়া।

৯৮ রানের বড় জয়ে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল দক্ষিণ আফ্রিকা।

Single Sidebar Banner
  • সর্বশেষ
  • পঠিত