বুধবার, ১ এপ্রিল ২০২৬
Single Top Banner

চট্টগ্রামে সাংবাদিক হেনস্তা: থানার হাজতে আটকে রাখার অভিযোগ

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রামের ডবলমুরিং থানার ওসি বাবুল আজাদের বিরুদ্ধে এক সাংবাদিককে থানার হাজতে আটকে রেখে হেনস্তা করার অভিযোগ উঠেছে। বুধবার রাতে এ ঘটনা ঘটে।

হেনস্তার শিকার সাংবাদিক সাহিদুল ইসলাম মাসুম দৈনিক যায়যায়দিন পত্রিকার মাল্টিমিডিয়া প্রতিবেদক। তিনি অভিযোগ করেন, পেশাগত দায়িত্ব পালনের সময় ওসির হাতে হামলা ও শারীরিক লাঞ্ছনার শিকার হয়েছেন।

মাসুম জানান, পোশাক শ্রমিকদের সড়ক অবরোধের খবর সংগ্রহ করতে গিয়ে তিনি ঘটনাস্থলে উপস্থিত ছিলেন। সেখানে ওসি বাবুল আজাদ শ্রমিকদের সঙ্গে কথা বলছিলেন। তিনি ফুটেজ ধারণ করতে শুরু করলে ওসি অকথ্য ভাষায় গালিগালাজ করেন এবং প্রতিবাদ করলে তার দিকে তেড়ে আসেন। পরে সাংবাদিকরা থানায় গেলে কথা বলার একপর্যায়ে ওসি তাকে টেনে হিঁচড়ে হাজতে নিয়ে ২০ মিনিট আটকে রাখেন। পরবর্তীতে আবার টেনে হিঁচড়ে হাজত থেকে বের করে দেওয়া হয়।

এ বিষয়ে জানতে ওসি বাবুল আজাদকে একাধিকবার ফোন করা হলেও তিনি সাড়া দেননি। উপ-পুলিশ কমিশনার (পশ্চিম) হোসাইন মোহাম্মদ কবির ভূইয়া ও সহকারী কমিশনার (ডবলমুরিং জোন) কাজী মো. বিধান আবিদের সঙ্গেও যোগাযোগের চেষ্টা করা হয়। তবে তাদের কাছ থেকেও কোনো বক্তব্য পাওয়া যায়নি।

Single Sidebar Banner
  • সর্বশেষ
  • পঠিত