বুধবার, ১ এপ্রিল ২০২৬
Single Top Banner

কাপ্তাই হ্রদের পানি বিপৎসীমায়, ১৬ গেট খুলে পানি নিষ্কাশন

নিজস্ব প্রতিবেদক

নয় দিন বন্ধ থাকার পর কাপ্তাই হ্রদের পানি আবারও বিপৎসীমায় পৌঁছেছে। এর ফলে বুধবার রাত ৮টা ৮ মিনিটে বাঁধের স্পিলওয়ের ১৬টি গেট ৬ ইঞ্চি করে খুলে দেওয়া হয়েছে। এতে প্রতি সেকেন্ডে ৯ হাজার কিউসেক পানি কর্ণফুলী নদীতে প্রবাহিত হচ্ছে।

কাপ্তাই পানি বিদ্যুৎকেন্দ্রের ব্যবস্থাপক মাহমুদ হাসান জানিয়েছেন, টানা বৃষ্টিপাত, উজান থেকে ধেয়ে আসা পানি ও পাহাড়ি ঢলের কারণে পানির উচ্চতা বিপৎসীমায় পৌঁছেছে। ফলে চলতি বছরের দ্বিতীয়বারের মতো স্পিলওয়ে খোলা হলো।

তিনি বলেন, বুধবার বিকেল ৫টায় হ্রদের পানির উচ্চতা রেকর্ড করা হয় ১০৮ দশমিক ৩৫ ফুট এমএসএল। সর্বোচ্চ ধারণক্ষমতা ১০৯ ফুট এমএসএল। কেন্দ্রের পাঁচটি ইউনিট চালু রেখে ২২০ থেকে ২২২ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হচ্ছে, এতে প্রতি সেকেন্ডে আরও ৩২ হাজার কিউসেক পানি নদীতে প্রবাহিত হচ্ছে।

গত ৫ আগস্ট রাত ১২টার পর বাঁধের ১৬টি গেট খুলে দেওয়া হয়েছিল। পানি চাপ বাড়ায় ধাপে ধাপে গেট খোলার পরিমাণও বাড়ানো হয়। ৭ আগস্ট সন্ধ্যা ৬টায় সর্বোচ্চ সাড়ে ৩ ফুট করে গেট খোলা হয় এবং তখন প্রতি সেকেন্ডে ৬৮ হাজার কিউসেক পানি কর্ণফুলী নদীতে নিষ্কাশিত হয়েছিল।

পরে পানি কমে এলে ১২ আগস্ট গেটগুলো পুরোপুরি বন্ধ করা হয়। তবে নতুন করে পানি বৃদ্ধি পাওয়ায় আবারও স্পিলওয়ে খোলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

ব্যবস্থাপক মাহমুদ হাসান জানিয়েছেন, পানির চাপ আরও বাড়লে নিষ্কাশনের পরিমাণও বাড়ানো হতে পারে।

Single Sidebar Banner
  • সর্বশেষ
  • পঠিত