চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচনের আগে গঠনতন্ত্র সংস্কারের প্রস্তাব দিয়েছে বিপ্লবী ছাত্র মৈত্রী। আগামী সপ্তাহে তপশিল ঘোষণার সম্ভাবনা থাকায় এর আগেই গঠনতন্ত্র সংশোধন ও সংস্কারের দাবি জানায় সংগঠনটি।
বৃহস্পতিবার (২১ আগস্ট) দুপুর ২টায় বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে সংগঠনের সভাপতি জশদ জাকির, সাধারণ সম্পাদক ইয়াসিন আরাফাত, সাংগঠনিক সম্পাদক রাম্রাসাইন মারমা ও রাজনৈতিক শিক্ষা ও সংস্কৃতিবিষয়ক সম্পাদক আহমেদ মুগ্ধসহ অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
লিখিত বক্তব্যে সাধারণ সম্পাদক ইয়াসিন আরাফাত বলেন, প্রশাসনের প্রণীত নতুন গঠনতন্ত্রে বেশ কিছু অসঙ্গতি রয়েছে। তাই সিন্ডিকেট সভায় তপশিল ঘোষণার পূর্বে গঠনতন্ত্র সংস্কার করে চূড়ান্ত অনুমোদন দেওয়ার দাবি জানানো হয়।
পাঁচ দফা দাবি :
১. ভোটকেন্দ্র অ্যাকাডেমিক ভবনে স্থাপন।
২. এমফিল ও পিএইচডি শিক্ষার্থীদের ভোটাধিকার থেকে বাদ দেওয়া।
৩. দপ্তর সম্পাদক পদ নারী-পুরুষ উভয়ের জন্য উন্মুক্ত রাখা।
৪. সাইবার বুলিং সেল গঠন ও দায়ীদের ভোটাধিকার বাতিল।
৫. ছবি সংবলিত চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ।


