বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ১০টি টায়ার নিখোঁজ হওয়ার ঘটনা ঘটেছে। এ বিষয়ে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। গত সোমবার বিমানের সহকারী ব্যবস্থাপক (নিরাপত্তা) মোশারেফ হোসেন এ জিডি করেন।
জিডিতে উল্লেখ করা হয়েছে, গত ১৬ আগস্ট সন্ধ্যায় বিমানবন্দরের হ্যাঙ্গার কমপ্লেক্সের পাশে অকশন শেডে রাখা আনসার্ভিসেবল (অব্যবহারযোগ্য) ১০টি টায়ার খুঁজে পাওয়া যায়নি। পরে অনুসন্ধানে জানা যায়, বিমানের ম্যাটেরিয়াল ম্যানেজমেন্ট সুপারভাইজার আরমান হোসেন ও স্টোর হেলপার সামসুল হক টায়ারগুলো ইউএস বাংলা এয়ারলাইন্সের সহকারী মহাব্যবস্থাপক শফিকুল ইসলামের কাছে হস্তান্তর করেছেন। তবে এ বিষয়ে যথাযথ কর্তৃপক্ষকে অবহিত করা হয়নি।
বিমানের মহাব্যবস্থাপক ও জনসংযোগ কর্মকর্তা এ বি এম রওশন কবীর বলেন, ব্যবহৃত টায়ারগুলো নিলামে তোলার জন্য রাখা হয়েছিল। প্রাথমিক তদন্তে দেখা গেছে, বিমানের দুই সদস্য টায়ারগুলো ইউএস বাংলার কাছে বিক্রি করেছেন। এ ঘটনায় বিমানবন্দর থানায় জিডি করা হয়েছে এবং পুলিশ তদন্ত চালাচ্ছে।
বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তাসলিমা আক্তার জানান, পুলিশ বিষয়টি অনুসন্ধান করছে।
অন্যদিকে ইউএস বাংলা এয়ারলাইন্সের উপমহাব্যবস্থাপক ও জনসংযোগ কর্মকর্তা মো. কামরুল ইসলাম বলেন, ইউএস বাংলার উড়োজাহাজের সংখ্যা বেশি হলেও ব্যবহৃত টায়ার নেওয়ার কোনো প্রশ্নই আসে না।


